ফাইল ছবি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে ৮ হাজার ২৬ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ।
মামলায় প্রধান আসামি করা হয়েছে কার্যক্রম নিষিদ্ধ টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বাবুল শেখকে। তিনি ছাড়াও মামলায় সংগঠনটির উপজেলা কমিটির সহ-সভাপতি মো. ইলিয়াস হোসেন সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক তৌফিক বিশ্বাস, টুঙ্গিপাড়া কামিটির সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাস, নিষিদ্ধঘোষিত উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ বাবুল হোসেন খোকন, বর্তমান সভাপতি শামচুল হক, কার্যক্রম নিষিদ্ধঘোষিত যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদ বিশ্বাসসহ ২৫ জনকে আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আরও ৮ হাজার জনকে আসামি করা হয়েছে।
গত ২২ নভেম্বর টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) কামরুল আহম্মেদ বাদী হয়ে মামলাটি দায়ের করলেও সেটি প্রকাশ করা হয়নি। পরবর্তীতে আজ (বৃহস্পতিবার) বিকেলে মামলার বিষয়টি জানাজানি হলে মামলার তদন্তকারী কর্মকর্তা ও টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মো. আরিফুল ইসলাম বৃহস্পতিবার সন্ধ্যায় মামলা দায়েরের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।




