Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

অগ্রাহায়ণ ১১ ১৪৩৩, শুক্রবার ২৭ নভেম্বর ২০২৬

গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা বন্ধে ভোগান্তিতে গ্রাহকরা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০০:০৫, ২৭ নভেম্বর ২০২৬

আপডেট: ০০:০৭, ২৭ নভেম্বর ২০২৬

প্রিন্ট:

গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা বন্ধে ভোগান্তিতে গ্রাহকরা

গোপালগঞ্জে বিকাশ, নগদ ও রকেটের লেনদেন বন্ধ

গোপালগঞ্জে মোবাইল আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান বিকাশ, নগদ ও রকেটের অনেক গ্রাহক লেনদেন করতে না পারায় ভোগান্তি পোহাচ্ছে গ্রাহকরা। 

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের অভিযোগে গোপালগঞ্জে ৯৭টি হিসাব বন্ধ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে এই হিসাবগুলোর বাইরেও আরও অনেক হিসাব সাময়িকভাবে বন্ধ বা ব্লক করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। ফলে এ জেলায় মোবাইল ব্যাংকিংয়ের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।

সংশ্লিষ্টরা আরও জানান, নিরাপত্তা ঝুঁকির কারণে এমএফএস প্রতিষ্ঠানগুলোর কর্মীরাও এজেন্টদের কাছে টাকা পাঠাতে পারছেন না। এতে এজেন্টদের মধ্যে নগদ অর্থের সংকট তৈরি হয়েছে। গ্রাহকরা টাকা জমা ও উত্তোলন করতে গিয়ে সমস্যায় পড়ছেন। বিশেষ করে দৈনন্দিন কেনাকাটা, ব্যবসা-বাণিজ্য ও আর্থিক লেনদেনের জন্য মোবাইল ব্যাংকিংয়ের ওপর নির্ভরশীল ব্যক্তিদের ভোগান্তি বেড়েছে।

বিকাশের পক্ষ থেকে গ্রাহকদের পাঠানো বার্তায় বলা হচ্ছে, ‘এমএফএস বিধিমালা অনুযায়ী আপনার বিকাশ অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই মুহূর্তে এ বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করা যাচ্ছে না বলে দুঃখিত।’

এ ধরনের বার্তা পাওয়ার পর গ্রাহকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে যাদের হিসাবে ব্যবসায়িক লেনদেনের অর্থ কিংবা ব্যক্তিগত সঞ্চয় জমা রয়েছে, তারা প্রয়োজনের সময় সেই অর্থ ব্যবহার করতে পারছেন না। হিসাব কেন বন্ধ করা হয়েছে, কত দিন বন্ধ থাকবে এবং কীভাবে তা আবার চালু করা যাবে—এসব বিষয়ে স্পষ্ট তথ্য না পাওয়ায় অনিশ্চয়তা বাড়ছে।

বিকাশের হেড অব করপোরেট কমিউনিকেশনস শামসুদ্দিন হায়দার ডালিম গণমাধ্যমকে জানান, এমএফএস বিধিমালা অনুযায়ী সন্দেহজনক লেনদেন শনাক্ত হলে কিছু হিসাব সাময়িকভাবে বন্ধ রাখা হয়। নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় তদন্ত ও যাচাই শেষে এসব হিসাব চালু করা হবে, নাকি বন্ধ থাকবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

Walton
Walton