স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সেনাবাহিনী মোতায়েনের কথা ভাবছে না সরকার। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা নামানোর প্রয়োজন নেই।
আজ রবিবার সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর সংযোগ এলাকায় সংঘর্ষে হতাহতের তথ্য জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত ধৈর্য ও কৌশলের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এখনো আমরা বিস্তারিত তদন্ত করিনি। তবে সেখানে দুজনের প্রাণহানি হয়েছে বলে শুনেছি।’




