ছবি: সংগৃহীত
চুয়াডাঙ্গায় আত্মীয় বাড়ি বেড়াতে গিয়ে ফেরার পথে গাছে প্রাইভেটকারের ধাক্কায় যশোরের মণিরামপুরের এক পরিবারের তিন জন নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন ওই পরিবারের আরও তিন সদস্য। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বারোবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির জানান, সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে যশোর-মাগুরা সড়কের গাইদঘাট নামক স্থানে দুর্ঘটনাটি ঘটেছে।নিহত তিন জন হলেন– মণিরামপুর বাজারের ইন্টারনেট ব্যবসায়ী মাহমুদ হাসান জাকারিয়া জনি (৪৩), তার বাবা মণিরামপুর পল্লি বিদ্যুৎ সমিতির সাবেক পরিচালক আব্দুল মজিদ সরদার (৭৫) এবং জনির চার বছরের মেয়ে শেহেরিশ।
আহতরা হলেন– জনির মা মনোয়ারা বেগম (৬০), স্ত্রী সাবরিনা জাহান (৩০) এবং ছেলে সামিন আল মাস (১০)।
হাইওয়ে থানার ওসি বলেন, ‘প্রাইভেটকারটি যশোরের দিকে আসছিল। চালক জনি ঘুমিয়ে ঘুমিয়ে কার চালাচ্ছিলেন। কারটি রাত আড়াইটার দিকে গাইদঘাট এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বিপরীত পাশে বটগাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে কারটিতে থাকা চালক জনি ও তার বাবা আব্দুল মজিদ মারা গেছেন।‘কারটির ভেতরে থাকা চার জনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয়েছে। আহত তিন জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
নিহত জনির স্বজনরা জানান, জনি সোমবার পরিবারের সবাইকে নিয়ে প্রাইভেটকারে চুয়াডাঙ্গায় নানা বাড়ি বেড়াতে গিয়েছিলেন। রাতে সেখান থেকে ফেরার পথে কারটি নিয়ন্ত্রণ হারিয়ে জনি, তার বাবা ও ছোট্ট মেয়েটি মারা গেছে। এ সময় আহত হয়েছেন জনির মা, স্ত্রী ও ছেলে। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ বাড়িতে আনা হয়েছে।




