ফাইল ছবি
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, ‘২০২৪ সালের ৫ আগস্টের পর বেশকিছু মামলা হয়েছে। কিছু সুবিধাবাদী শ্রেণির মানুষ সুযোগ পেয়ে ভোগান্তি সৃষ্টির জন্য অনেককে আসামি করেছে, যাদের সেখানে জড়িত থাকার প্রশ্নেই আসে না।’ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
গণঅভ্যুত্থান পরবর্তী মামলা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘অনেক বড় বড় ব্যবসায়ী এবং সমাজের অনেক স্বনামধন্য ব্যক্তিদের আসামি করা হয়েছে। অনেক মানুষকে ভোগান্তিতে ফেলা হচ্ছে। পরীক্ষা-নিরীক্ষা করে যথাযথ ব্যবস্থার কথা বলেছি। ভোগান্তির সৃষ্টি যাতে না হয় সেটা দেখবে। এক্ষেত্রে নির্দেশনা দেয়া হয়েছে যাতে আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারি।’
তিনি বলেন, ‘পুলিশের কাজে অবৈধভাবে কেউ হস্তক্ষেপ করতে পারবে না। এটা আমার কঠোর নির্দেশনা। যদি কেউ অবৈধভাবে করে সাথে সাথে ব্যবস্থা নেয়া হবে।’




