Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ফাল্গুন ১০ ১৪৩২, সোমবার ২৩ ফেব্রুয়ারি ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসবে ১২ মার্চ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৭:৫৪, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

প্রিন্ট:

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসবে ১২ মার্চ

ফাইল ছবি

আগামী ১২ মার্চ (বৃহস্পতিবার) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ওই দিন বেলা ১১টায় রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনে এ অধিবেশন শুরু হবে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের আইন প্রণয়ন শাখা-১ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন।
 

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়। নির্বাচনের একদিন পরেই বিজয়ী প্রার্থীদের গেজেট প্রকাশ করা হয়। সাংবিধানিক নিয়ম অনুযায়ী, গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে অর্থাৎ ১৪ মার্চের মধ্যে সংসদের প্রথম অধিবেশন বসার বাধ্যবাধকতা রয়েছে। সেই অনুযায়ী ১২ মার্চ অধিবেশন আহ্বান করা হলো। এর আগে নবনির্বাচিত সংসদ সদস্যরা গত ১৭ ফেব্রুয়ারি শপথ গ্রহণ করেন।
 
এরইমধ্যে নির্বাচনের ফলাফল অনুযায়ী বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সংসদ নেতা নির্বাচিত হয়েছেন। তাকে প্রধানমন্ত্রী করে বিএনপির নতুন সরকার এরইমধ্যে রাষ্ট্র পরিচালনার কাজ শুরু করেছে। তবে নতুন সংসদের স্পিকার, সংসদ উপনেতা ও চিফ হুইপ পদের জন্য এখনও কাউকে চূড়ান্তভাবে নির্বাচন করেনি দলটি। আশা করা হচ্ছে, ১২ মার্চের প্রথম অধিবেশনেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন সম্পন্ন হবে।
 
অন্যদিকে, এবারের সংসদে প্রধান বিরোধীদলীয় নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সংসদে বিরোধীদলীয় উপনেতা নির্বাচিত হয়েছেন জামায়াতের নায়েবে আমির ড. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের। এ ছাড়া বিরোধীদলীয় চিফ হুইপ হিসেবে নির্বাচিত হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম।

সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলার সই করা বিজ্ঞপ্তির অনুলিপি এরইমধ্যে মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও সংশ্লিষ্ট সব দফতরে পাঠোনো হয়েছে।

Walton
Walton