Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ফাল্গুন ৯ ১৪৩২, রোববার ২২ ফেব্রুয়ারি ২০২৬

ভারতে সন্ত্রাসী হামলার ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার ৮

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৩:২২, ২২ ফেব্রুয়ারি ২০২৬

প্রিন্ট:

ভারতে সন্ত্রাসী হামলার ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার ৮

ফাইল ছবি

ভারতে বড় ধরনের সন্ত্রাসী হামলা ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে আটজনকে। তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গ থেকে গ্রেপ্তার করা হয়েছে এসব ব্যক্তিকে। অভিযোগে বলা হয়েছে, এর মধ্যে আছেন পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের সদস্য এবং বাংলাদেশভিত্তিক কথিত উগ্রপন্থি গোষ্ঠীর এক সদস্য। এনডিটিভি এ খবর দিয়ে বলছে, তামিলনাড়ুর তিরুপ্পুর জেলার একটি গার্মেন্টস কারখানা থেকে গ্রেপ্তার করা হয়েছে মিজানুর রহমান, মোহাম্মদ শাবাত, উমর, মোহাম্মদ লিটন, মোহাম্মদ শহিদ ও মোহাম্মদ উজ্জ্বলকে। বাকি দু’জনকে পশ্চিমবঙ্গ থেকে আটক করা হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে বাংলাদেশি কথিত এক নাগরিকও রয়েছেন। সূত্র মতে, অভিযুক্তরা ভুয়া আধার কার্ড ব্যবহার করে পরিচয়পত্র হিসেবে কাজে লাগাচ্ছিলেন।

পুলিশ জানিয়েছে, তাদের কাছ থেকে আটটি মোবাইল ফোন ও ১৬টি সিম কার্ড উদ্ধার করা হয়েছে। তামিলনাড়ু পুলিশ তাদের গ্রেপ্তার করে এবং পরে দিল্লি পুলিশের কাছে হস্তান্তর করেছে। ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে। এর একদিন আগে নিরাপত্তা সংস্থার সূত্র উল্লেখ করে জানা যায়, পাকিস্তানভিত্তিক সংগঠন লস্করে তৈয়ব দিল্লির রেড ফোর্টের কাছে এবং দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থানে, বিশেষ করে চাঁদনি চকের একটি মন্দিরে বিস্ফোরণের পরিকল্পনা করছিল।

সূত্রের ধারণা, সংগঠনটি ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) হামলার ছক কষছিল। সূত্র বলছে, ৬ ফেব্রুয়ারি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি মসজিদে আত্মঘাতী বিস্ফোরণে ৩১ জন নিহত ও ১৬০ জনের বেশি আহত হওয়ার প্রতিশোধ নিতেই এ পরিকল্পনা করা হচ্ছিল। তবে ওই হামলার দায় স্বীকার করেছিল ইসলামিক স্টেট।

এই গ্রেপ্তারি অভিযানটি এমন সময়ে হলো, যখন ২০২৫ সালের ১০ নভেম্বর দিল্লির ঐতিহাসিক লালকেল্লার কাছে ভয়াবহ গাড়ি বিস্ফোরণের প্রায় তিন মাস পার হয়েছে। ওই ঘটনায় ১২ জন নিহত ও প্রায় দুই ডজন আহত হন। রেড ফোর্ট মেট্রো স্টেশনের কাছে বিস্ফোরক বোঝাই একটি গাড়ি বিস্ফোরিত হলে আশপাশের একাধিক যানবাহনে আগুন ধরে যায়। গাড়িটি চালাচ্ছিলেন উমর মোহাম্মদ ওরফে উমর উন নবী, যিনি ফরিদাবাদের আল ফালাহ ইউনিভার্সিটির একজন চিকিৎসক ছিলেন। ঘটনার দিন রাজধানী থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে হরিয়ানার ফরিদাবাদ এলাকায় ২,৯০০ কেজি বিস্ফোরক, যার মধ্যে অ্যামোনিয়াম নাইট্রেটও ছিল, উদ্ধার করা হয়।

সূত্র জানায়, তদন্তকারীরা মডিউলের দুই গুরুত্বপূর্ণ সদস্য ডা. মুজাম্মিল শাকিল ও ডা. আদিল রাদারকে গ্রেপ্তার করে বিস্ফোরক জব্দ করার পর উমর মোহাম্মদ আতঙ্কিত হয়ে লালকেল্লার কাছে বিস্ফোরণ ঘটান।

Walton
Walton