Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ২০ ১৪৩৩, রোববার ০৫ জুলাই ২০২৬

লেখক ও গবেষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৭:৫০, ৫ জুলাই ২০২৬

আপডেট: ১৭:৫১, ৫ জুলাই ২০২৬

প্রিন্ট:

লেখক ও গবেষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

ফাইল ছবি

বিশিষ্ট লেখক, গবেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই। রোববার দুপুরে রাজধানীর মিরপুরের একটি হাসপাতালে তিনি মারা যান। তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।

বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রোববার দুপুর আড়াইটা থেকে তিনটার মধ্যে অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক শেষনিঃশ্বাস ত্যাগ করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার দুপুরে মিরপুরের একটি রেস্তোরাঁয় খাবার খেতে গিয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে কাছাকাছি একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের জন্ম ১৯৪০ সালের ৩০ সেপ্টেম্বর কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পাকুন্দিয়া গ্রামে। তিনি দীর্ঘদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে অধ্যাপনা করেছেন। বাংলা ভাষা, সাহিত্য, সংস্কৃতি ও সমাজচিন্তা বিষয়ে তাঁর গবেষণা ও লেখালেখি তাঁকে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ বুদ্ধিজীবী হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

তাঁর প্রকাশিত উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে মুক্তিসংগ্রাম (১৯৭২), কালের যাত্রার ধ্বনি (১৯৭৩), একুশে ফেব্রুয়ারি আন্দোলন (১৯৭৬), উনিশ শতকের মধ্যশ্রেণী ও বাংলা সাহিত্য (১৯৭৯), মানুষ ও তার পরিবেশ (১৯৮৮), সাহিত্যজিজ্ঞাসা: সাহিত্যসৃষ্টি ও সাহিত্যবিচার, জাতীয়তাবাদ, আন্তর্জাতিকতাবাদ, বিশ্বায়ন ও ভবিষ্যৎ, বুদ্ধির মুক্তি আন্দোলন ও উত্তরকাল, আধুনিকতাবাদ ও জীবনানন্দের জীবনোৎকণ্ঠা এবং বার্ট্রান্ড রাসেলের রাজনৈতিক আদর্শের বাংলা অনুবাদ। তিনি সংস্কৃতি গ্রন্থেরও রচয়িতা।

সম্পাদক হিসেবেও তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তাঁর সম্পাদনায় প্রকাশিত হয়েছে মোতাহের হোসেন চৌধুরীর নির্বাচিত প্রবন্ধ, ইতিহাসের আলোকে বাংলাদেশের সংস্কৃতি এবং স্বদেশচিন্তাসহ একাধিক গ্রন্থ। এছাড়া তিনি সুন্দরম ও লোকায়ত নামে দুটি সাময়িকপত্র সম্পাদনা করেছেন।

সাহিত্য ও গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ১৯৮১ সালে বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত হন।

তাঁর মৃত্যুতে দেশের সাহিত্য, গবেষণা ও শিক্ষাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

Walton
Walton