Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ২৬ ১৪৩৩, শুক্রবার ১১ সেপ্টেম্বর ২০২৬

শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম আর নেই

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:৫৫, ১১ সেপ্টেম্বর ২০২৬

প্রিন্ট:

শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম আর নেই

ছবি: সংগৃহীত

খ্যাতিমান শিশুসাহিত্যিক ও চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগের প্রধান আমীরুল ইসলাম আর নেই(ইন্নালিল্লাহে... রাজেউন)। শুক্রবার দিবাগত রাত ১টা ৭ মিনিটে তার মৃত্যু হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার সহকারী ও ছড়াকার ইমরান পরশ এবং অন্যপ্রকাশের প্রকাশক ও লেখক মাজহারুল ইসলাম।

১৯৬৪ সালের ৭ এপ্রিল ঢাকার লালবাগে জন্মগ্রহণ করেন আমীরুল ইসলাম। তিনি মূলত শিশুদের জন্য ছড়া, গল্প ও সৃজনশীল রচনা লিখেছেন। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা তিন শতাধিক। এসব বইয়ের প্রায় সবই শিশুসাহিত্যভিত্তিক। তিনি বাংলা একাডেমির ফেলো এবং মুক্তিযুদ্ধ জাদুঘরের স্থাপনা-সদস্য ছিলেন।

ইমরান পরশ জানান, আমীরুল ইসলামের শেষ ইচ্ছা অনুযায়ী মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে মায়ের কবরে তাকে দাফন করা হবে।
চ্যানেল আই প্রাঙ্গণে বাদ জুমা প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য বিকেল ৩টায় বাংলা একাডেমির বর্ধমান হাউস প্রাঙ্গণে রাখা হবে। সেখানে তার দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

বাংলা একাডেমি থেকে মিরপুর গোলারটেক যাওয়ার পথে বাংলামোটরের বিশ্বসাহিত্য কেন্দ্রে ১৫ মিনিট রাখা হবে।মিরপুরের গোলারটেক ঈদগাহ জামে মসজিদে হবে তার তৃতীয় জানাজা। তৃতীয় জানাজা শেষে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে মায়ের কবরে তাকে সমাহিত করা হবে।

শিশুসাহিত্যে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০৬ সালে আমীরুল ইসলাম বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন।
এ ছাড়া তিনি সিকান্দার আবু জাফর সাহিত্য পুরস্কার (১৯৮৪), নুরুল কাদের শিশুসাহিত্য পুরস্কার (২০০৩), পদক্ষেপ সাহিত্য পুরস্কার (২০০৫), ছোটদের পত্রিকা পুরস্কার (২০০৭), ছোটদের মেলা পুরস্কার (২০০৯-১০), জাতীয় ছড়া উৎসব সম্মাননা (২০১১) এবং শামসুর রাহমান সাহিত্য পুরস্কার (২০১১) লাভ করেন। ২০১১ সালে ওয়েস্ট এন্ড হাইস্কুল পুনর্মিলনী সম্মাননাও পান তিনি। ২০১২ সালে কলকাতা থেকে লাভ করেন অন্নদাশঙ্কর সাহিত্য পুরস্কার।

সাহিত্যের পাশাপাশি দীর্ঘদিন ধরে গণমাধ্যমের সাথেও যুক্ত ছিলেন আমীরুল ইসলাম।
 

Walton
Walton