Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ৯ ১৪৩২, মঙ্গলবার ২৪ মার্চ ২০২৬

কলম্বিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত : নিহত ৬৬

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:৪৬, ২৪ মার্চ ২০২৬

প্রিন্ট:

কলম্বিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত : নিহত ৬৬

ছবি: সংগৃহীত

কলম্বিয়ার দক্ষিণাঞ্চলে বিমানবাহিনীর একটি সামরিক পরিবহন বিমান উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিধ্বস্ত হয়েছে। এতে অন্তত ৬৬ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল সোমবার পুয়ের্তো লেগুইজামো এলাকায় উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিমানটি বিধ্বস্ত হয়।

বিমানবাহিনীর কমান্ডার কার্লোস ফার্নান্দো সিলভা রুয়েডা জানান, দুর্ঘটনার সময় মার্কিন নির্মিত সি-১৩০ হারকিউলিস বিমানটিতে ১১৪ জন সেনাসদস্য ও ১১ জন ক্রু ছিলেন।

দেশটির প্রতিরক্ষামন্ত্রী পেড্রো সানচেজ বলেন, সি-১৩০ হারকিউলিস বিমানটি সেনাসদস্য পরিবহনের সময় উড্ডয়নের মুহূর্তেই একটি ‘দুঃখজনক দুর্ঘটনার’ শিকার হয়। তিনি ঘটনাটিকে দেশের জন্য গভীর বেদনার বলে উল্লেখ করেন। 

প্রাথমিকভাবে জানা গেছে, বিমানে আগুন লাগার পর বহন করা গোলাবারুদ বিস্ফোরিত হয়, যা হতাহতের সংখ্যা বাড়িয়ে দেয়। সামরিক সূত্রের বরাত দিয়ে জানা যায়, নিহতদের মধ্যে ৫৮ জন সেনা, ছয়জন বিমানবাহিনীর সদস্য এবং দুজন পুলিশ কর্মকর্তা রয়েছেন।

দুর্ঘটনার পরপরই উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজে তল্লাশি চালান। স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দুর্ঘটনাস্থল থেকে ঘন ধোঁয়া উঠতে দেখা যায় এবং আহতদের মোটরসাইকেলে করে হাসপাতালে নেওয়ার দৃশ্যও দেখা গেছে।

দেশটির প্রেসিডেন্ট গুসতাভো পেট্রো এক বিবৃতিতে এ ঘটনাকে ‘ভয়াবহ দুর্ঘটনা’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি সামরিক বাহিনীর সরঞ্জাম আধুনিকায়নে বিলম্বের জন্য আমলাতান্ত্রিক জটিলতাকে দায়ী করেন এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন।

এদিকে দুর্ঘটনার কারণ এখনো তদন্তাধীন রয়েছে। এটি সাম্প্রতিক সময়ে কলম্বিয়ার বিমানবাহিনীর অন্যতম প্রাণঘাতী দুর্ঘটনা বলে বিবেচিত হচ্ছে বলে প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।

Walton
Walton