Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ফাল্গুন ৩০ ১৪৩২, সোমবার ১৬ মার্চ ২০২৬

গাজীপুরে নাট্যোৎসব শুরু হচ্ছে পহেলা বৈশাখে

নিজস্ব প্রতিবেদক, বহুমাত্রিক.কম

প্রকাশিত: ২৩:৫৭, ১৫ মার্চ ২০২৬

প্রিন্ট:

গাজীপুরে নাট্যোৎসব শুরু হচ্ছে পহেলা বৈশাখে

ছবি: বহুমাত্রিক.কম

গাজীপুরে ১৪৩৩ বঙ্গাদের শুরু পহেলা বৈশাখে নাট্যোৎসব শুরু হতে যাচ্ছে। চলতি বছরের ১৪ এপ্রিল থেকে শুরু হয়ে এ নাট্যোৎসব ১০ দিনব্যাপী হতে পারে।  রোববার (১৫ মার্চ) বিকেলে গাজীপুরের সাংস্কৃতিক কর্মীদের নিয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। গাজীপুরের বিভিন্ন সাংস্কৃতিক ও সাহিত্য সংগঠনের নেতৃবৃন্দ, শিল্পী, সাহিত্যিক ও সাংস্কৃতিক কর্মী মিলিয়ে অর্ধশতাধিক ব্যক্তি এই সভায় উপস্থিত ছিলেন। জেলার সক্রিয় ৩০টি সাংস্কৃতিক সংগঠন এ উৎসবে অংশগ্রহণ করতে যাচ্ছে।

বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি, গাজীপুর ইউনিটের সাধারণ সম্পাদক ও অভিনয় শিল্পী আশরাফ হোসেন টুলুর সভাপতিত্বে তাঁর কার্যালয়ে ওই সভা অনুষ্ঠিত হয়। নাট্যোৎসব উদযাপন কমিটির আহ্বায়ক হিসেবে তিনি এ সভায় সভাপতিত্ব করেন। এ সময় অভিনয় শিল্পী সৈয়দ হাসান জুন্নুরাইন সোহেলকে নাট্যোৎসব উদযাপন কমিটির যুগ্ম আহ্বায়ক এবং সংগঠক মেহনাজ সরকার শিল্পীকে সদস্য সচিব হিসেবে নির্বাচিত করা হয়।

অন্যান্যর মধ্যে সভায় নাট্যব্যক্তিত্ব এম এ বারী, টঙ্গী কলেজের সাবেক অধ্যক্ষ রফিকুল ইসলাম, সংগঠক সিরাজুল ইসলাম জানু, সাংবাদিক ও অভিনয় শিল্পী সৈয়দ মোকছেদুল আলম (লিটন), বহুমাত্রিক শিল্পী জাহিদ হোসেন সোহেল, নৃত্য প্রশিক্ষক আশরাফী ফরিদ হোসন, নৃত্য প্রশিক্ষক সংগীতা রোজারিও, সংগঠক হায়দার সিদ্দিকী উদয়, অভিনয় শিল্পী সাজেদা রোজী, নাট্যকার খন্দকার রফিক, মোঃ মুছা খান রানা, সিরাজুল ইসলাম, অমল কৃষ্ণ রায়, সংগঠক খোরশেদ আলম রুবেল, নাদিম মোড়ল, এড. সাহিদা, তাহমিনা রেজা মৌসুমী, আনিকা সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় আরও সিদ্ধান্ত হয় যে, আগামী ২৭ মার্চ ‘বিশ্ব নাট্য দিবস’ উদযাপন করা হবে। এ উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। পরিশেষে দোয়া ও ইফতার মাহফিলের মধ্যে দিয়ে সভার সমাপ্তি টানা হয়।

Walton
Walton