ছবি: বহুমাত্রিক.কম
বাংলাদেশের বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ারকে শেষ শ্রদ্ধা জানাল গোটা জাতি। মঙ্গলবার বেলা ১১টায় তাঁর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হলে সেখানে রাষ্ট্রের প্রতিনিধি, সাংস্কৃতিক সংগঠন, শিল্পী-সাহিত্যিক, নাট্যজন এবং সর্বস্তরের মানুষের তাকে শেষ শ্রদ্ধা জানান।
উপমহাদেশের কিংবদন্তি এই শিল্পীর প্রতি ঢাকাস্থ ভারতীয় হাই কমিশনের পক্ষ থেকেও শ্রদ্ধা নিবেদন করা হয়। হাই কমিশনের পক্ষে প্রথম সচিব (রাজনৈতিক ও গণমাধ্যম) গোকুল ভি. কে কেন্দ্রীয় শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রয়াত এই শিল্পীর প্রতি। এসময় তিনি পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন এবং শিল্পীর স্ত্রীকে আন্তরিক সমবেদনা জানান।
পরে সংক্ষিপ্ত বক্তৃতায় গোকুল ভি. কে. বলেন, ‘গুণী শিল্পী মুস্তাফা মনোয়ার প্রয়াণে ভারতীয় হাই কমিশন ঢাকা গভীরভাবে শোকাহত। আমি ভারতের জনগণের পক্ষ থেকে তাঁর পূণ্যস্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই।’
কলকাতা গভমেন্ট আর্ট কলেজের প্রাক্তনী মুস্তাফা মনোয়ার সম্পর্কে এই ভারতীয় কুটনীতিক বলেন, ‘তাঁর বর্ণাঢ্য শিল্পী জীবন, একাত্তরের মহান মুক্তিযুদ্ধে তাঁর অতুলনীয় অবদান, সর্বোপরি তাঁর অসাধারণ শিল্পকর্ম ভৌগলিক সীমারেখার উর্ধ্বে শিল্পের জয়গান করেছে। তাঁর কর্মই আগামী প্রজন্মের মাঝে শিল্পীকে বাঁচিয়ে রাখবে।’

ভারতীয় হাই কমিশনের এই প্রতিনিধি শ্রদ্ধাজ্ঞাপন মঞ্চে শোকবইতে তাঁর শোকগাঁথা লেখেন।
এর আগে শহীদ মিনারে শিল্পীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ, বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনসহ বিশিষ্টজনরা।
সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের পর দুপুর ১২টা ৪৫ মিনিটে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে তাঁর মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজার জন্য নেওয়া হয়। চারুকলা অনুষদ ও চ্যানেল আই প্রাঙ্গণে শেষ শ্রদ্ধা নিবেদন শেষে বনানী কবরস্থানে তাঁকে দাফন করা হবে।




