ফাইল ছবি
রাষ্ট্রপতি পদে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রার্থী করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন দলের একাধিক জ্যেষ্ঠ নেতা।রোববার বিএনপির এক জ্যেষ্ঠ নেতা বিষয়টি নিশ্চিত করে জানান, মির্জা ফখরুলের নাম চূড়ান্ত করার বিষয়টি দলীয় চেয়ারম্যান মোটামুটি নিশ্চিত করেছেন।
তবে বিএনপির আরও কয়েকজন জ্যেষ্ঠ নেতা জানান, রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করার সিদ্ধান্ত মূলত তারেক রহমানের ওপর নির্ভর করছে এবং তারা এখনো আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে তার সিদ্ধান্ত পাননি। তবে প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ একজন নেতা নিশ্চিত করেছেন, রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকেই মনোনীত করা হয়েছে।
এরই মধ্যে রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে বিএনপি। রোববার সকালে নির্বাচন কমিশন থেকে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে দলটি।
বিএনপির ভাইস চেয়ারম্যান ও জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি এবং সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের প্রধান কার্যালয়ে গিয়ে রিটার্নিং কর্মকর্তার দপ্তর থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এর আগে বিএনপির জাতীয় স্থায়ী কমিটি দলীয় রাষ্ট্রপতি প্রার্থী বাছাইয়ের দায়িত্ব তারেক রহমানের হাতে দেয়। জাতীয় সংসদে বিএনপির সংখ্যাগরিষ্ঠতা থাকায় দলটির মনোনীত প্রার্থীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার সম্ভাবনাই বেশি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।




