ফাইল ছবি
চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার খলনায়ক আশরাফুল হক ডনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।রোববার বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালতে তাকে হাজির করে পুলিশ।
এসময় তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আশরাফুল হক ডনকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে আবেদন মঞ্জুর করেন আদালত।
দেশের চলচ্চিত্রের আকাশে সবচেয়ে উজ্জ্বল তারার একটি চিত্রনায়ক সালমান শাহ। জনপ্রিয়তার মধ্যগগনে থাকতেই রহস্যজনক মৃত্যু তার। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনে নিজ ফ্ল্যাটে মেলে সালমানের মরদেহ। তখন থেকেই তার মৃত্যু নিয়ে চলছে তুমুল আলোচনা।
দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর ২০২৫ সালের ২০ অক্টোবর বাদিপক্ষের আবেদনে অপমৃত্যুর মামলা হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত। পরদিন রমনা থানায় সামিরা হক, ঢাকাই চলচ্চিত্রের খলনায়ক আশরাফুল হক ডনসহ ১১ জনকে আসামি করে হত্যা মামলা করা হয়। এই মামলায় সৌদি আরব যেতে রোববার ভোরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান ঢাকাই সিনেমার খলনায়ক। স্টপ লিস্টে তার নাম থাকায় গ্রেফতার করে ইমিগ্রেশন পুলিশ। পরে খবর পেয়ে ডনকে হেফাজতে নেয় মামলার তদন্ত সংস্থা সিআইডি।




