ছবি: সংগৃহীত
ঝালকাঠির ঐতিহ্যবাহী ভীমরুলী ভাসমান পেয়ারার বাজার ও পেয়ারা বাগান ঘুরে মুগ্ধতা প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। রবিবার সকালে স্ত্রী ডিয়ান ডাওকে সঙ্গে নিয়ে ভীমরুলীতে আসেন তিনি।
এ সময় ভাসমান পেয়ারার বাজার ঘুরে দেখার পাশাপাশি বিভিন্ন পেয়ারা বাগান পরিদর্শন করেন। কথা বলেন স্থানীয় পেয়ারাচাষি ও বাগানমালিকদের সঙ্গে। তাদের কাছ থেকে পেয়ারা চাষ, উৎপাদন ও বাজারজাতকরণের বিষয়ে বিভিন্ন তথ্য নেন।পরিদর্শন শেষে ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেন, ভীমরুলীর প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহ্যবাহী ভাসমান পেয়ারার বাজার তাকে মুগ্ধ করেছে। বাজারের কর্মচাঞ্চল্য, কৃষকদের পরিশ্রম ও এখানকার পেয়ারার গুণগত মানও তাকে আকৃষ্ট করেছে।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা, হাওয়াই ও ক্যালিফোর্নিয়ার কিছু এলাকায় সীমিত পরিসরে পেয়ারা চাষ হয়। বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক বাজারে পেয়ারা রপ্তানির সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সরকার ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করবেন বলেও জানান তিনি।বর্ষা মৌসুমে খাল-বিল ও জলপথে নৌকায় পেয়ারা কেনাবেচার দৃশ্য ভীমরুলীকে দেশের অন্যতম আকর্ষণীয় কৃষিভিত্তিক পর্যটনকেন্দ্রে পরিণত করেছে। রাষ্ট্রদূতের এ পরিদর্শনে স্থানীয় পেয়ারা চাষি ও বাগানমালিকদের মধ্যেও উৎসাহ সৃষ্টি হয়েছে।




