Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ১৬ ১৪৩৩, মঙ্গলবার ০১ সেপ্টেম্বর ২০২৬

দুই দেশের সম্পর্ক নিয়ে অতীতে আটকে না থাকার আহ্বান দীনেশ ত্রিবেদীর

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৩:৫৮, ১ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১৩:৫৯, ১ সেপ্টেম্বর ২০২৬

প্রিন্ট:

দুই দেশের সম্পর্ক নিয়ে অতীতে আটকে না থাকার আহ্বান দীনেশ ত্রিবেদীর

ছবি: সংগৃহীত

বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে অতীতে আটকে না থেকে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেছেন, অতীত ভোলা যায় না, তবে অতীতে আটকে থাকলে উন্নয়ন এগিয়ে নেওয়া সম্ভব হবে না।

মঙ্গলবার দুপুরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান এবং প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

দীনেশ ত্রিবেদী বলেন, দুই দেশের মধ্যে মুক্ত বাণিজ্য (ফ্রি ট্রেড) কীভাবে আরও এগিয়ে নেওয়া যায়, বৈঠকে সে বিষয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশ-ভারত সম্পর্কের ক্ষেত্রে চ্যালেঞ্জ থাকবেই। তবে এসব চ্যালেঞ্জ মাথায় রেখেই ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে হবে।বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানানোর কথা উল্লেখ করে তিনি বলেন, ‘বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে সবাইকে শুভেচ্ছা জানিয়েছি। আজকের সাক্ষাতে মিলেমিশে কাজ করার বিষয়ে কথা হয়েছে।’

বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে প্রশ্ন করা হলে ভারতীয় হাইকমিশনার বলেন, ‘অভ্যন্তরীণ রাজনীতিতে যা হয়, তা নিয়ে তিনি কোনো মন্তব্য করতে চান না এবং এমন মন্তব্য করা উচিতও নয়।’ দেশের মানুষ ও সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে নির্বাচিত সরকারই জনগণের জন্য কোনটি ভালো, সেটি ভালোভাবে বুঝবে বলেও মন্তব্য করেন তিনি।দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করার ওপর গুরুত্ব দিয়ে দীনেশ ত্রিবেদী বলেন, ‘জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক আমরা সব সময় চাই। আমরা যা সিদ্ধান্ত নিই, তার প্রভাব সাধারণ মানুষের ওপর পড়ে। সাধারণ মানুষের যেন ভালো হয়, সেজন্য আমাদের দায়িত্ব আছে।’

বৈঠক প্রসঙ্গে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, আলোচনায় বাংলাদেশ ও ভারতের রাজনৈতিক অভিজ্ঞতা বিনিময়ের বিষয়টি উঠে এসেছে।চলতি অর্থবছরে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের বিষয়েও কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি জানান, এ সময়ে স্থানীয় সরকার নির্বাচন করা অনেকটাই চ্যালেঞ্জিং।

Walton
Walton