ফাইল ছবি
সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকো সফরের সম্ভাবনাও রয়েছে বলে জানা গেছে। এ সফর ঘিরে দলীয় নেতাকর্মী ও প্রবাসী বাংলাদেশিদের মধ্যে বিরাজ করছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তার সভাপতিত্বেই সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যা হবে বাংলাদেশের জন্য একটি বিরল ও গৌরবময় মুহূর্ত।
কূটনৈতিক ও দলীয় সূত্র জানায়, ২১ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর নিউইয়র্কে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। জাতিসংঘের অধিবেশনে অংশ নেয়ার পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে বৈঠকে অংশ নিতে পারেন তিনি। ২৪ সেপ্টেম্বর সাধারণ পরিষদে ভাষণ দেয়ার কথা রয়েছে।
যুক্তরাষ্ট্র বিএনপি নেতাদের তথ্যমতে, নিউইয়র্কের কর্মসূচি শেষে ২৫ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীকে নাগরিক সংবর্ধনা দেয়া হবে। এরপর ২৬ থেকে ২৮ সেপ্টেম্বর সান ফ্রান্সিসকোতে একটি বিশেষ অনুষ্ঠানে অংশ নেয়ার সম্ভাবনা রয়েছে।
প্রধানমন্ত্রীর সান ফ্রান্সিসকো সফর ঘিরে ক্যালিফোর্নিয়ায় শুরু হয়েছে প্রস্তুতি। সেখানকার প্রযুক্তি ও উদ্ভাবনের অন্যতম কেন্দ্র বে এরিয়ায় বসবাস করেন বহু বাংলাদেশি উদ্যোক্তা ও প্রযুক্তিবিদ। দেশের উন্নয়ন ও অগ্রগতিতে তাদের সম্পৃক্ত করতে প্রধানমন্ত্রীর এ সফর বলে জানা গেছে। তাকে স্বাগত জানাতে নাগরিক সংবর্ধনাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন চলছে।
ক্যালিফোর্নিয়া বিএনপির সভাপতি বদরুল আলম চৌধুরী শিপলু বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসা উদ্দীডপনা লক্ষ্য করা গেছে। এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য প্রস্তুতি পর্ব শুরু হয়ে গেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বাংলাদেশের অর্থনীতিতে একটা মাইলফলক হয়ে দাড়াবে এই অনুষ্ঠানটি।
সার্বিক পরিকল্পনা অনুযায়ী প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ৮ থেকে ১০ দিনের হতে পারে। সফরের সময়সূচি ও আনুষ্ঠানিকতা চূড়ান্ত করতে কাজ চলছে। তবে প্রেস সচিব সালেহ শিবলী জানিয়েছেন, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরের পরিকল্পনা থাকলেও চূড়ান্ত সময়সূচি এখনো নির্ধারিত হয়নি।




