Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

শ্রাবণ ২২ ১৪৩৩, শুক্রবার ০৭ আগস্ট ২০২৬

বগুড়ায় বাসচাপায় ৬ শ্রমিক নিহত : আহত ১৫

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:৪৫, ৭ আগস্ট ২০২৬

প্রিন্ট:

বগুড়ায় বাসচাপায় ৬ শ্রমিক নিহত : আহত ১৫

ছবি: সংগৃহীত

বগুড়ায় নিয়ন্ত্রণ হারানো একটি যাত্রীবাহী বাসের চাপায় ৬ দিনমজুর ও কৃষিশ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন।শুক্রবার সকাল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার এরুলিয়া এলাকায় বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রাতে ঢাকা থেকে নওগাঁর উদ্দেশ্যে ছেড়ে আসা ‘শাহ ফতেহ আলী পরিবহন’-এর একটি শীতাতপ নিয়ন্ত্রিত বাস সকালে এরুলিয়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় সড়কের পাশে অবস্থানরত দিনমজুর ও কৃষিশ্রমিকদের ওপর বাসটি উঠে যায়।

এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। পরে গুরুতর আহত অবস্থায় অন্তত ১৫ জনকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যু হয়। হাসপাতালের চিকিৎসকদের বরাত দিয়ে জানা গেছে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা এখনও গুরুতর।
 
এদিকে নিহত ছয়জনের মধ্যে চারজনের আংশিক পরিচয় মিলেছে। তারা হলেন- বগুড়ার বেলাল এবং গাইবান্ধার আমিরুল, নূর আলম ও ফয়জার।
 
সার্বিক বিষয়ে বগুড়া সদর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) শফিকুল ইসলাম শফিক জানান, পুলিশ নিহত বাকি দুজনের পরিচয় শনাক্তের পাশাপাশি দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে।

Walton
Walton