Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ৭ ১৪৩২, রোববার ২২ মার্চ ২০২৬

সাবেক এফবিআই প্রধান রবার্ট মুলার মারা গেছেন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৪:৩৩, ২২ মার্চ ২০২৬

প্রিন্ট:

সাবেক এফবিআই প্রধান রবার্ট মুলার মারা গেছেন

ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন তথা এফবিআইয়ের সাবেক প্রভাবশালী পরিচালক এবং মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ সংক্রান্ত তদন্তের স্পেশাল কাউন্সেল রবার্ট মুলার মারা গেছেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। গত শনিবার  রাতে তার মৃত্যু হয় বলে পরিবারের পক্ষ থেকে এক বিবৃতির মাধ্যমে নিশ্চিত করা হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

২০২১ সালে রবার্ট মুলারের পারকিনসনস রোগ ধরা পড়ে, যা গত বছরের আগস্টে তার পরিবারের পক্ষ থেকে প্রকাশ করা হয়। মার্কিন আইন ও বিচার ব্যবস্থায় অসামান্য অবদানের জন্য তিনি দুই রাজনৈতিক দলের কাছেই সমানভাবে শ্রদ্ধেয় ছিলেন।

সিএনএন বলেছে, রবার্ট মুলারের কর্মজীবন ছিল অত্যন্ত বৈচিত্র্যময় এবং ঐতিহাসিক সব ঘটনায় ভরপুর। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঠিক আগে তৎকালীন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ তাকে এফবিআই পরিচালক হিসেবে মনোনীত করেন এবং তিনি সর্বসম্মতিক্রমে নিয়োগ পান।

হামলার পরবর্তী কঠিন সময়ে তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে এফবিআইকে পুনর্গঠিত করেন। তার ১০ বছরের মেয়াদ শেষ হওয়ার পর প্রেসিডেন্ট বারাক ওবামা বিশেষ ব্যবস্থায় তার পদের মেয়াদ আরও দুই বছর বৃদ্ধি করেন। সব মিলিয়ে টানা ১২ বছর দায়িত্ব পালন করে তিনি জে. এডগার হুভারের পর এফবিআইয়ের দীর্ঘতম সময় দায়িত্ব পালনকারী পরিচালক হওয়ার গৌরব অর্জন করেন।

মার্কিন রাজনীতির ইতিহাসে রবার্ট মুলার সবচেয়ে বেশি আলোচিত হন ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ সংক্রান্ত তদন্তের স্পেশাল কাউন্সেল হিসেবে।

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণার সঙ্গে রাশিয়ার সম্ভাব্য যোগসাজশ নিয়ে তার তদন্ত প্রতিবেদনটি মার্কিন গণতন্ত্র ও বিচারিক নিরপেক্ষতার ক্ষেত্রে একটি মাইলফলক হিসেবে বিবেচিত হয়।তার সততা এবং নিরপেক্ষতা নিয়ে ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় দলের মধ্যেই দীর্ঘকাল ধরে এক ধরনের আস্থা বজায় ছিল, যা মার্কিন রাজনৈতিক প্রেক্ষাপটে বিরল।
 
জীবনের শেষ দিন পর্যন্ত রবার্ট মুলার যুক্তরাষ্ট্রের আইন এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর প্রতি তার অটল অঙ্গীকারের জন্য স্মরণীয় হয়ে থাকবেন। তার মৃত্যুতে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ও বিচারিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।

বিভিন্ন পর্যায়ের নেতারা তাকে একজন দেশপ্রেমিক এবং আইনের শাসনের অতন্দ্র প্রহরী হিসেবে অভিহিত করেছেন। মুলারের প্রয়াণ কেবল একটি পরিবারের ব্যক্তিগত ক্ষতি নয়, বরং মার্কিন বিচার বিভাগ ও এফবিআইয়ের ইতিহাসের এক বর্ণাঢ্য অধ্যায়ের সমাপ্তি হিসেবে দেখা হচ্ছে।

Walton
Walton