ছবি: সংগৃহীত
কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটির কয়েকটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) উৎপাদন ও রপ্তানি স্থাপনায় আবার ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। তবে হামলায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। খবর আল-জাজিরা
বৃহস্পতিবার ভোরে ইরানের এ হামলায় স্থাপনাগুলোতে ‘বড় ধরনের আগুন’ লাগার পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কাতার এনার্জি।রাষ্ট্রায়ত্ত এ জ্বালানি কোম্পানিটি জানিয়েছে, ক্ষয়ক্ষতি নিয়ন্ত্রণে জরুরি উদ্ধারকারী দল তাৎক্ষণিকভাবে মোতায়েন করা হয়েছে।
এর আগে কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি বিশ্বের সর্ববৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্র হিসেবে পরিচিত।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ঘটনাস্থলের আগুন প্রাথমিকভাবে নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বিশ্বের বৃহত্তম তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) উৎপাদনকারী প্রতিষ্ঠান কাতার এনার্জি বলেছে, এই মুহূর্তে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে হামলায় তাদের ‘পার্ল জিটিএল’ (গ্যাস-টু-লিকুইডস) স্থাপনার ‘ব্যাপক ক্ষয়ক্ষতি’ হয়েছে।




