Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ৩ ১৪৩২, বুধবার ১৮ মার্চ ২০২৬

সান্তাহারে নীলসাগর এক্সপ্রেসের ৯ বগি লাইনচ্যুত: শতাধিক যাত্রী আহত

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২১:০৯, ১৮ মার্চ ২০২৬

প্রিন্ট:

সান্তাহারে নীলসাগর এক্সপ্রেসের ৯ বগি লাইনচ্যুত: শতাধিক যাত্রী আহত

ছবি: সংগৃহীত

ঢাকা থেকে চিলাহাটিগামী ‘নীলসাগর এক্সপ্রেস’ ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হয়েছে। বুধবার দুপুর ২টা ৪০ মিনিটে বগুড়ার সান্তাহারে এ দুর্ঘটনা ঘটে। এতে শতাধিক যাত্রী আহত হয়েছেন। তাদের বেশিরভাগই ছাদের যাত্রী বলে জানিয়েছে পুলিশ।দুর্ঘটনার পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

সান্তাহার রেলওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান বলেন, নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে এসে বেলা ২টার দিকে সান্তাহার স্টেশনে বিরতি করে। সান্তাহার স্টেশন থেকে ছেড়ে যাওয়ার কিছুসময় পরেই ট্রেনটি লাইনচ্যুত হয়। এতে ট্রেনটির ৯টি বগি লাইনচ্যুত হয়েছে।

তিনি বলেন, এখন পর্যন্ত মৃত্যুর কোনো সংবাদ পাওয়া যায়নি। ট্রেনের ছাদে অনেক মানুষ থাকায় ছাদ থেকে পড়ে অনেকে আহত হয়েছেন। বগিগুলো উদ্ধারের জন্য কাজ চলছে।

এদিকে ঈশ্বরদী জংশন রেলস্টেশন থেকে ঘটনাস্থলের উদ্দেশে উদ্ধারকারী ট্রেন রওনা হয়েছে বলে জানিয়েছেন পাকশী রেলওয়ে জেলার এসপি মেহেদী হাসান। বগুড়ার সান্তাহার রেলস্টেশন মাস্টার খাদিজা খাতুন জানান, দুর্ঘটনাস্থলের রেললাইনে আগে থেকেই ত্রুটি ছিল। বেলা আড়াইটার দিকে আন্তনগর নীলসাগর এক্সপ্রেস সান্তাহার প্ল্যাটফর্মের অদূরে দুর্ঘটনার কবলে পড়ে এবং এতে ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হয়।

এদিকে স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের দাবি, রেললাইনের ত্রুটির কারণে লাইনম্যান বিপদসংকেত দিলেও ট্রেনচালক তা খেয়াল করেননি বা উপেক্ষা করেছেন। তাদের মতে, এ কারণেই ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস সদস্যরা উদ্ধারকাজ শুরু করেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক রেজাউল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে অন্তত ৪৭ জনকে উদ্ধার করা হয়েছে। এছাড়া অন্যান্য আহতরা নিজেদের উদ্যোগে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

আহতদের নওগাঁ জেলা হাসপাতাল ও আদমদীঘী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নওগাঁ সদর হাসপাতালের আরএমও ডা. আবুজার গাফফার জানান, তার হাসপাতালে প্রায় ৮০ জন আহত চিকিৎসা নিতে এসেছিলেন। তাদের মধ্যে ২০ জনকে ভর্তি করা হয়েছে এবং বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। 

এ ঘটনায় পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক ফরিদ আহমেদ তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন। কমিটির সদস্যরা হলেন- রেলের প্রধান পরিবহন কর্মকর্তা, পশ্চিমাঞ্চল রেলের প্রধান প্রকৌশলী এবং চিফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। ঘটনাস্থল পরিদর্শন শেষে দ্রুত সময়ের মধ্যে দুর্ঘটনার কারণ অনুসন্ধান করে প্রতিবেদন দিতে তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

মহাব্যবস্থাপক আরও জানান, তিনি নিজেসহ পশ্চিমাঞ্চল রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। একই সঙ্গে রিলিফ ট্রেনের মাধ্যমে উদ্ধার অভিযান শুরু হয়েছে এবং দ্রুত সময়ের মধ্যে রেললাইন সচল করার চেষ্টা চলছে।

তবে দুর্ঘটনার প্রকৃত কারণ এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

Walton
Walton