Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ২ ১৪৩২, মঙ্গলবার ১৭ মার্চ ২০২৬

সরে দাঁড়ালেন যুক্তরাষ্ট্রের কাউন্টার-টেররিজম সেন্টারের প্রধান

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২১:৫৪, ১৭ মার্চ ২০২৬

আপডেট: ২১:৫৭, ১৭ মার্চ ২০২৬

প্রিন্ট:

সরে দাঁড়ালেন যুক্তরাষ্ট্রের কাউন্টার-টেররিজম সেন্টারের প্রধান

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল কাউন্টার-টেররিজম সেন্টারের প্রধান জোসেফ (জো) কেন্ট। ছবি: সংগৃহীত

পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল কাউন্টার-টেররিজম সেন্টারের প্রধান জোসেফ (জো) কেন্ট। ইরানে অন্যায় যুদ্ধের প্রতিবাদে বিবেকের তাড়নায় এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি।  

মঙ্গলবার প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে পাঠানো এবং সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ পোস্ট করা এক চিঠিতে কেন্ট এই বিস্ফোরক সিদ্ধান্ত জানান।

কেন্ট তার চিঠিতে সরাসরি উল্লেখ করেছেন, ‘আমি আমার বিবেককে বিসর্জন দিয়ে চলমান ইরান যুদ্ধকে সমর্থন করতে পারছি না। ইরানের কাছ থেকে আমাদের জাতির কোনো আসন্ন ঝুঁকি ছিল না এবং এটি স্পষ্ট যে ইসরায়েল এবং তাদের শক্তিশালী লবির চাপেই আমরা এই যুদ্ধ শুরু করেছি।’

কেন্ট তার পদত্যাগপত্রে উল্লেখ করেন, ‘‘ইসরায়েলের উচ্চপদস্থ কর্মকর্তা এবং মার্কিন সংবাদমাধ্যমের প্রভাবশালী সদস্যরা একটি সুপরিকল্পিত ‘ভুল তথ্য প্রচারের অভিযান’শুরু করে। এটি আপনার ‘আমেরিকা ফার্স্ট’ নীতিকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে এবং ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করতে সাধারণ মানুষের মধ্যে যুদ্ধের উন্মাদনা ছড়িয়ে দিয়েছে।’’

‘‘আপনাকে এটা বিশ্বাস করাতে ধোঁকা দেওয়া হয়েছে যে, ইরান যুক্তরাষ্ট্রের জন্য এক আসন্ন হুমকি এবং এখনই হামলা করলে দ্রুত বিজয় অর্জন সম্ভব। এটি একটি ডাহা মিথ্যা ছিল। ঠিক একই কৌশল ব্যবহার করে ইসরায়েলিরা আমাদের সেই ভয়াবহ ইরাক যুদ্ধে টেনে নিয়ে গিয়েছিল।’’

মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের জন্য এই পদত্যাগের খবরটি ছিল অনেকটা বিনা মেঘে বজ্রপাতের মতো। কেন্টকে ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স তুলসী গ্যাবার্ডের অত্যন্ত ঘনিষ্ঠ বলে মনে করা হয়। 

ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তুলসী গ্যাবার্ড নিজেকে অনেকটা আড়ালে রেখেছেন। যুদ্ধে নিহত মার্কিন সেনাদের মরদেহে শ্রদ্ধা জানানো ছাড়া তাকে জনসমক্ষে খুব একটা দেখা যায়নি এবং তিনি এখন পর্যন্ত কোনো প্রকাশ্য বিবৃতিও দেননি। জো কেন্টের এই পদত্যাগ ট্রাম্প প্রশাসনের অভ্যন্তরে চলমান উত্তেজনা ও মতভেদকে আরও স্পষ্টভাবে সামনে নিয়ে এল। 

সূত্র: রয়টার্স

Walton
Walton