ফাইল ছবি
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নতুন চেয়ারম্যান হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য অধ্যাপক মামুন আহমেদ। সোমবার শিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
শিক্ষামন্ত্রী বলেন, অধ্যাপক ড. মামুন আহমেদকে ইউজিসি চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। খুব শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে।এর আগে সকালে ইউজিসির চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন অধ্যাপক এস এম এ ফায়েজ। ‘শারীরিক অসুস্থতার’ কারণ দেখিয়ে তিনি সোমবার শিক্ষা মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দেন।
মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা খালিদ মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, অধ্যাপক ফায়েজ সোমবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিবের কাছে অব্যাহতির আবেদন জমা দিয়েছেন।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবের কাছে পাঠানো চিঠিতে তিনি উল্লেখ করেন, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর তিনি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তবে বর্তমানে শারীরিক অসুস্থতার কারণে দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না।
চিঠিতে তিনি বলেন, বর্তমান শারীরিক অবস্থার কারণে কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনে তিনি অপারগ। তাই বিষয়টি বিবেচনা করে তাকে ইউজিসি চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের সাবেক অধ্যাপক এসএমএ ফায়েজ ১৯৯৩ সাল থেকে ১৯৯৮ সাল পর্যন্ত বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান ছিলেন। পরে ২০০২ সালের সেপ্টেম্বর থেকে ২০০৯ সালের জানুয়ারি পর্যস্ত তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালন করেন। জুলাই গণঅভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকার ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও পিএসসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজকে ইউজিসি চেয়ারম্যানের দায়িত্ব দেয়।




