ফাইল ছবি
তেলের কোনো সমস্যা হবে না। দামও বাড়বে না। তাই গাড়ি ভাড়া বাড়বে না বলে জানিয়েছেন রেলমন্ত্রী শেখ রবিউল আলম।শুক্রবার সকালে কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শনে এসে মন্ত্রী এই তথ্য জানান। এ সময় তার সাথে ছিলেন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।
মন্ত্রী বলেন, ঈদযাত্রা নির্বিঘ্নে করতে সব রকম প্রস্তুতি নেয়া হয়েছে। পাবলিক পরিবহন যেগুলো আছে, ১৫ তারিখ থেকে যতটুকু প্রয়োজন তারা ততটুকু তেল পাবে। সেটা এনশিওর করা হয়েছে। জ্বালানি মন্ত্রী আমাকে এনশিওর করেছেন। তেলের দাম বাড়ানো হবে না, যার ফলে ভাড়াও বাড়ছে না। আর তেল সংক্রান্ত দুর্ভোগ হওয়ার সম্ভাবনা আমি দেখছি না। রেশনিক ব্যবস্থা ১৫ তারিখের পর থেকে পুনর্বিবেচনা করা হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী রেল পরিষেবাকে যুগোপযোগী করে মনোরম পরিবেশে স্বাচ্ছন্দ্যে অল্প সময়ে অধিক দূরত্বে যাওয়ার জন্য জনবান্ধব করতে চান, জনপ্রিয় করতে চান এবং সে ব্যাপারে তার নির্দেশনা আছে। সেভাবে আমরা কাজ করছি। আশা করছি রেল যোগাযোগ ব্যবস্থাপনার একটা আমূল পরিবর্তন আপনারা দেখবেন ইনশাআল্লাহ।
রেলমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এক মাসের মধ্যে জনগণের মধ্যে আশা সঞ্চয় করেছেন। প্রতিশ্রুতি অনুযায়ী ক্ষমতায় আসার এক মাসের মধ্যে ফ্যামিলি কার্ড জনগণের হাতে তুলে দিয়েছে।
তিনি বলেন, বিরোধীদলকে ধৈর্য্য ধরতে হবে। ১৭ বছরে দেশ যে ধংসযজ্ঞ অবস্থায় পৌঁছে গিয়েছিল সেখান থেকে কাটিয়ে উঠতে সময় লাগবে। মাত্র সরকার আসছে, কিছুটা সময় দিন, তারপরও কাজ করতে যদি বিএনপি ব্যর্থ হয় এরপর সমালোচনা করুন।




