ছবি: সংগৃহীত
বাগেরহাটের রামপাল উপজেলায় বাস-মাইক্রোবাস সংঘর্ষে ১২ জন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গেছে।বাগেরহাটের রামপালে একটি মাইক্রোবাস ও নৌবাহিনীর একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।
বৃহস্পতিবার বিকেল ৪ টার দিকে বাগেরহাটের রামপাল উপজেলায় খুলনা-মোংলা মহাসড়কের বেলাই ব্রিজের কাছে এই দুর্ঘটনায় আরও অন্তত পাঁচজন আহত হয়েছেন।আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে বাগেরহাটের কাটাখালী হাইওয়ে থানার ওসি মো. জাফর আহমেদ জানিয়েছেন।
তিনি বলেন, নিহতের সংখ্যা আরো বাড়তে পারে। ঘটনার বিবরণ দিয়ে ওসি বলেন, নৌবাহিনীর বাসটি মোংলা থেকে ছেড়ে এসেছিল। বেলাই ব্রিজের কাছে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। “তাতে ঘটনাস্থলেই তিন নারীসহ চারজনের মৃত্যু হয়। স্থানীয় লোকজন এসে মাইক্রোবাসে থাকা আহত অন্তত পাঁচজন যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।”
ওসি বলেন, নিহতরা সবাই মাইক্রোবাসের যাত্রী ছিলেন। মাইক্রোবাসটি খুলনা থেকে মোংলায় যাচ্ছিল। নিহতদের মরদেহ রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। হতাহতদের বিস্তারিত পরিচয় এখনো জানাতে পারেনি পুলিশ।




