Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ৮ ১৪৩২, সোমবার ২৩ মার্চ ২০২৬

নিউইয়র্কে গাড়ির সঙ্গে প্লেনের সংঘর্ষ : পাইলটসহ নিহত ২

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৫:৫৩, ২৩ মার্চ ২০২৬

প্রিন্ট:

নিউইয়র্কে গাড়ির সঙ্গে প্লেনের সংঘর্ষ : পাইলটসহ নিহত ২

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের লা-গার্ডিয়া বিমানবন্দরের রানওয়েতে একটি যাত্রীবাহী বিমানের সঙ্গে দমকলের গাড়ির সংঘর্ষে পাইলট ও সহকারী-পাইলট নিহত হয়েছেন।দুর্ঘটনার পর বিমানবন্দরটিতে আসা ফ্লাইট সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

কর্তৃপক্ষ ও মার্কিন গণমাধ্যম জানিয়েছে, রোববার গভীর রাতে নিউইয়র্কের লা-গার্ডিয়া বিমানবন্দরে অবতরণের সময় একটি ফায়ার ট্রাকের সঙ্গে এয়ার কানাডা এক্সপ্রেসের একটি আঞ্চলিক জেটের সংঘর্ষে এর পাইলট ও সহকারী-পাইলট নিহত হয়েছেন। 

এনবিসি নিউজ জানিয়েছে, এই ঘটনায় বেশ কয়েকজন মানুষ আহত হয়েছেন।দুর্ঘটনায় প্লেনের সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ছবি ও ভিডিওতে দেখা গেছে। প্লেনটি মন্ট্রিয়াল থেকে আসছিল। এতে ৭২ জন যাত্রী ও ৪ জন ক্রু সদস্য ছিলেন। প্লেনটি মন্ট্রিয়ালের মন্ট্রিয়াল-ট্রুডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাত সাড়ে ১০টার কিছু পর উড্ডয়ন করে প্রায় এক ঘণ্টা পরে নিউইয়র্কে পৌঁছায়।

সংঘর্ষের ঠিক আগে বিমানটির গতি ছিল ঘণ্টায় প্রায় ১৩০ মাইল বলে ফ্লাইট ট্র্যাকিং তথ্য থেকে জানা গেছে।

ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জরুরি পরিস্থিতির কারণে বিমানবন্দরে ‘গ্রাউন্ড স্টপ’ জারি করে এবং সোমবার দুপুর পর্যন্ত বিমানবন্দর বন্ধ রাখার কথা জানিয়েছে।

দুর্ঘটনার আগে এয়ার ট্রাফিক কন্ট্রোল অডিওতে দেখা যায়, একটি অপারেশন ট্রাককে রানওয়ে পার হওয়ার অনুমতি দেওয়া হয়েছিল। কয়েক সেকেন্ড পরই নিয়ন্ত্রণকক্ষ থেকে ট্রাকটিকে থামেতে জরুরি নির্দেশ দেওয়া। এরপরই সংঘর্ষের কথা জানা যায়।

যুক্তরাষ্ট্রে ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেইফটি বোর্ড (এনটিএসবি) জানিয়েছে, তারা এ ঘটনায় তদন্ত দল পাঠাচ্ছে।

দুর্ঘটনার আগেই খারাপ আবহাওয়া, হালকা বৃষ্টি ও কুয়াশার কারণে ফ্লাইট বিঘ্নের সতর্কতা দিয়েছিল বিমানবন্দর কর্তৃপক্ষ।

Walton
Walton