ফাইল ছবি
যশোরের আদালত চত্বরে হেনেস্তার শিকার হয়েছেন যশোরের সাংবাদিক ও প্রাচ্যসংঘের প্রতিষ্ঠাতা বেনজীন খান। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে জজ আদালত (ঝিকরগাছা অঞ্চল) প্রাঙ্গনে এই ঘটনা ঘটে।
এই বিষয়ে তিনি জেলা আইনজীবী সমিতির সভাপতিকে মৌখিক ভাবে অবহিত করেছেন। একই সাথে তিনি সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।
সাংবাদিক বেনজীন খান অভিযোগে জানান, তিনি জমিজমা সংক্রান্ত একটি মামলার বাদী। গত ১৫ বছর ধরে তিনি ওই মামলায় নিয়মিত আদালতে হাজিরা দিয়ে আসছেন। মঙ্গলবার মামলার হাজিরা শেষে আদালতের বারান্দায় দেখা হয় বিবাদী পক্ষের আইনজীবী আব্দুল লতিফ খোকন ও তার ছেলে আইনজীবী মেহেদী হাসান বাপ্পী। সেখানে তারা বেনজীন খানকে হেনস্তা করেন বলে অভিযোগে উল্লেখ করেন।
বেনজীন খান বলেন, বিষয়টি তিনি জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা পিপি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুকে জানালে তিনি একটি লিখিত অভিযোগ দিতে বলেন। দুপুরে তিনি ওই লিখিত অভিযোগ দেন।
জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, ‘সাংবাদিক বেনজীন খান দুইজন আইনজীবীর বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি জেনেছি। আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।’




