Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

শ্রাবণ ১৭ ১৪৩৩, রোববার ০২ আগস্ট ২০২৬

মস্কোর রেস্তোরাঁয় বিস্ফোরণে নিহত ৩

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:১৯, ২ আগস্ট ২০২৬

প্রিন্ট:

মস্কোর রেস্তোরাঁয় বিস্ফোরণে নিহত ৩

ছবি: সংগৃহীত

রাশিয়ার রাজধানী মস্কোতে একটি ইতালীয় রেস্তোরাঁর বাইরে শক্তিশালী বিস্ফোরণে অন্তত তিনজন নিহত এবং ২১ জন আহত হয়েছেন। রুশ রাষ্ট্রীয় সংবাদমাধ্যম দেশটির নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।স্থানীয় সময় শনিবার রাত প্রায় ৮টার দিকে শহরের কেন্দ্রস্থলের কাছে কুদ্রিনস্কায়া স্কয়ারে এ বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানিয়েছে বার্তাসংস্থা বিবিসি।

রাশিয়ার ন্যাশনাল অ্যান্টি-টেররিস্ট কমিটি (এনএকেএ) জানিয়েছে, একজন নারী একটি নিজস্বভাবে তৈরি (হোমমেড) বিস্ফোরক বহন করে রেস্তোরাঁয় প্রবেশের চেষ্টা করেন। তবে নিরাপত্তার দায়িত্বে থাকা প্রহরী তাকে বাধা দিলে বিস্ফোরকটি বিস্ফোরিত হয়। এতে ওই নারী, নিরাপত্তারক্ষী এবং রেস্তোরাঁর এক অতিথি নিহত হন।

ঘটনার সময় রেস্তোরাঁটিতে একটি ব্যক্তিগত অনুষ্ঠান চলছিল। তবে সেখানে কারা উপস্থিত ছিলেন বা হামলার সম্ভাব্য লক্ষ্য কে ছিলেন, সে বিষয়ে এখনো কোনো তথ্য প্রকাশ করেনি কর্তৃপক্ষ।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণের পর রক্তাক্ত অবস্থায় কয়েকজনকে ঘটনাস্থল থেকে বের করে আনা হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল, বিস্ফোরণটি রেস্তোরাঁর রান্নাঘরে ঘটেছে। তবে পরে রেস্তোরাঁ কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, “সমস্যাটি ভবনের বাইরে ঘটেছে।”বিস্ফোরণের পর কুদ্রিনস্কায়া স্কয়ারের আশপাশের সড়ক সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। একই এলাকায় সন্ধ্যার সাইকেল শোভাযাত্রায় অংশ নিতে বহু সাইক্লিস্ট জড়ো হলেও নিরাপত্তাজনিত কারণে অনুষ্ঠানটি বাতিল করা হয়।

রুশ বার্তা সংস্থা আরআইএ নভোস্তি প্রকাশিত ভিডিওতে ঘটনাস্থলে ভারী অস্ত্রে সজ্জিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন থাকতে দেখা গেছে। পুরো এলাকা ঘিরে সাধারণ মানুষের প্রবেশও বন্ধ করে দেওয়া হয়।

সাম্প্রতিক বছরগুলোতে মস্কো ও এর আশপাশে রাশিয়ার কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাকে হত্যার ঘটনা ঘটেছে। এসব হামলার জন্য মস্কো বারবার ইউক্রেনকে দায়ী করলেও, সর্বশেষ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষকে দায়ী করেনি রুশ কর্তৃপক্ষ।

Walton
Walton