ফাইল ছবি
জর্ডানে থাকা মার্কিন সেনাদের উপর আচমকা আক্রমণ করেছে ইরান। হামলায় শক্তিশালী দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছোঁড়ে ইরান। ৫ দিন পাল্টাপাল্টি হামলা বন্ধ থাকার পর ফের যুদ্ধ শুরু হয়েছে এতে। তবে ইরানের ছোঁড়া ক্ষেপণাস্ত্র সফলভাবে মাঝ আকাশে ধ্বংসের দাবি করেছে মার্কিন সামরিক কমান্ড (সেন্টকম)।
মঙ্গলবার সামাজিক মাধ্যমে এক পোস্টে সেন্টকম জানায়, মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন বাহিনীকে লক্ষ্য করে ইরানের ইসলামিক রেভ্যুলেশনারি গার্ড করপস (আইআরজিসি) এই ‘আকস্মিক হামলা’ চালিয়েছিল। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।সেন্টকম আরো জানায়, ইরানের ছোঁড়া সমস্ত ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে প্রতিহত করেছে এবং মধ্যপ্রাচ্যে মোতায়েনরত বাহিনী পূর্ণ সতর্ক ও উচ্চ প্রস্তুতিমূলক অবস্থায় রয়েছে। মার্কিন একজন কর্মকর্তার বরাতে এক্সিওস তাদের প্রতিবেদনে জানিয়েছে, ইরান সরাসরি জর্ডানে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে এই ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করেছিল।
উল্লেখ্য, চলতি মাসেই জর্ডানের এই ঘাঁটিতে ইরানের হামলায় মার্কিন সেনারা প্রাণ হারানোর পর প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান জোরদার করার ঘোষণা দিয়েছিলেন। তবে গত সপ্তাহে শান্তি আলোচনার জন্য কিছুদিনের যুদ্ধবিরতির ঘোষণা দেওয়া সত্ত্বেও ইরানের এই নতুন ক্ষেপণাস্ত্র হামলা ওই অঞ্চলে পুনরায় বড় ধরনের যুদ্ধের সম্ভাবনা ও উত্তেজনা বাড়িয়ে দিল।




