Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

শ্রাবণ ১০ ১৪৩৩, রোববার ২৬ জুলাই ২০২৬

ইন্টারসেপ্টর ফুরিয়ে যাওয়ার ভয়ে ইরানে হামলা স্থগিতের নির্দেশ ট্রম্

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:৪৫, ২৬ জুলাই ২০২৬

প্রিন্ট:

ইন্টারসেপ্টর ফুরিয়ে যাওয়ার ভয়ে ইরানে হামলা স্থগিতের নির্দেশ ট্রম্

ফাইল ছবি

টানা ১৩ দিন ইরানে হামলার পর আপাতত দেশটিতে নতুন করে সামরিক অভিযান না চালানোর নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস ও অ্যাক্সিওস ট্রাম্প প্রশাসনের একাধিক সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, যুদ্ধ আরও তীব্র হলে মধ্যপ্রাচ্যে মোতায়েন যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং অন্যান্য আকাশ প্রতিরক্ষা অস্ত্রের মজুত দ্রুত কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। এ বিষয়টি নিয়ে উদ্বেগ থেকেই হামলা স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়েছে।প্রতিবেদনে আরও বলা হয়, শুক্রবার ট্রাম্প তার শীর্ষ উপদেষ্টা ও মন্ত্রিসভার জ্যেষ্ঠ সদস্যদের সঙ্গে বৈঠকের পর এ সিদ্ধান্ত নেন।নাম প্রকাশে অনিচ্ছুক দুটি সূত্রের বরাত দিয়ে অ্যাক্সিওস জানিয়েছে, হামলা বন্ধের নির্দেশটি সাময়িক নাকি দীর্ঘমেয়াদি—এ বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি।
 
প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্পের এ সিদ্ধান্তে একদিকে যেমন কূটনৈতিক প্রচেষ্টার জন্য আরও সময় দেয়ার ইচ্ছা প্রতিফলিত হয়েছে, অন্যদিকে এটিও স্বীকার করা হয়েছে যে বৃহৎ পরিসরের নতুন সামরিক অভিযান ছাড়া বর্তমান পর্যায়ের মার্কিন হামলা কার্যকারিতার সীমায় পৌঁছে গেছে।সূত্রগুলোর দাবি, পরিস্থিতির অবনতি হলে পুনরায় বড় ধরনের সামরিক অভিযান শুরু করার সম্ভাবনা মাথায় রেখে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইতোমধ্যে বিকল্প পরিকল্পনাও প্রস্তুত করছে।

এদিকে যুক্তরাষ্ট্রের সব শর্ত পূরণ না হলে ইরানের বিরুদ্ধে পূর্ণমাত্রার যুদ্ধ শুরুর হুঁশিয়ারি দিয়েছেন ডনাল্ড ট্রাম্প। ফরাসি সংবাদমাধ্যম এলসিআইকে দেয়া সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্র যা চায় তার শতভাগ অর্জিত না হলে ইরানের বিরুদ্ধে আবারও পূর্ণমাত্রার যুদ্ধ শুরুর বিষয়টি তিনি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন।
 
তবে ওমানের মধ্যস্থতায় তেহরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির কারণে গেল শুক্রবার ইরানে নতুন হামলা চালানোর পরিকল্পনা শেষ মুহূর্তে স্থগিত করেন ট্রাম্প। যদিও প্রয়োজনে খুব অল্প সময়ের নোটিশেই আবারও হামলা শুরু করা সম্ভব বলে প্রস্তুতি ধরে রেখেছে মার্কিন সামরিক বাহিনী।

এদিকে, গেল ১৫ দিনের পাল্টা হামলায় মার্কিন যুদ্ধবিমান, ড্রোন, প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার ও বিভিন্ন সামরিক স্থাপনা ধ্বংসের দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী-আইআরজিসি।
 
একই সময়ে নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সুরক্ষিত পারমাণবিক স্থাপনা থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম জব্দে বিশেষ সামরিক অভিযান চালানোর বিকল্পও বিবেচনা করছে ওয়াশিংটন।
 
এরই মধ্যে ব্রিটিশ সংবাদপত্র দ্য টেলিগ্রাফ দাবি করেছে, ব্রিটেনে অবস্থানরত অপারেটিভদের প্রয়োজনে সক্রিয় করে ব্রিটিশ স্বার্থে হামলা চালাতে পারে ইরান। অন্যদিকে ইরানের এক আইনপ্রণেতার অভিযোগ, হরমুজ প্রণালি ও পারমাণবিক স্থাপনা নিয়ে উত্তেজনা তৈরি করে যুক্তরাষ্ট্র হয়তো ইরানি কর্মকর্তাদের বিরুদ্ধে নতুন হত্যাকাণ্ডের পরিকল্পনা করছে। যদিও তার মন্তব্য, শেষ পর্যন্ত আলোচনার মাধ্যমেই এ সংকটের সমাধান হবে।

Walton
Walton