Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

শ্রাবণ ১০ ১৪৩৩, রোববার ২৬ জুলাই ২০২৬

একরামুল হত্যা :শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন দাখিল

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:৫০, ২৬ জুলাই ২০২৬

আপডেট: ১২:৫১, ২৬ জুলাই ২০২৬

প্রিন্ট:

একরামুল হত্যা :শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন দাখিল

ফাইল ছবি

কক্সবাজারে ‘ক্রসফায়ারে’ নিহত একরামুল হক হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন দাখিল করেছে তদন্ত সংস্থা।

তদন্ত প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে, একরামুল হককে হত্যার ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ সংঘটনের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। তদন্ত শেষে এ প্রতিবেদন প্রসিকিউশনের কাছে জমা দেয়া হয়। এখন প্রসিকিউশন প্রতিবেদন পর্যালোচনা করে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করবে। এরপর শুনানি শেষে ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নেবে কি না এবং আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে সিদ্ধান্ত দেবেন। প্রসিকিউশন সূত্রে জানা গেছে, তদন্তে একরামুল হত্যাকাণ্ডে ১১ জনের সম্পৃক্ততার তথ্য উঠে এসেছে। তাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনার সুপারিশ করা হয়েছে।

উল্লেখ্য, ২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী অভিযানের সময় একরামুল হক কথিত ‘ক্রসফায়ারে’ নিহত হন। ঘটনার পর তার পরিবারের প্রকাশ করা একটি অডিও রেকর্ডিং দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়। পরে এ ঘটনাকে কেন্দ্র করে বিচারবহির্ভূত হত্যার অভিযোগ ওঠে। জুলাই গণঅভ্যুত্থানের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা বিষয়টি তদন্ত শুরু করে। তদন্ত শেষে শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে।

Walton
Walton