Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ১১ ১৪৩৩, শুক্রবার ২৬ জুন ২০২৬

হোসেনি দালান থেকে তাজিয়া মিছিল শুরু

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:৪৯, ২৬ জুন ২০২৬

প্রিন্ট:

হোসেনি দালান থেকে তাজিয়া মিছিল শুরু

ছবি: সংগৃহীত

পবিত্র আশুরা উপলক্ষে পুরান ঢাকার ঐতিহাসিক হোসেনি দালান থেকে তাজিয়া মিছিল বের করেছেন শিয়া সম্প্রদায়ের মানুষেরা। শুক্রবার সকাল ১০টার পর মিছিলটি শুরু হয়। শোক, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে মিছিলটি এগিয়ে যাচ্ছে। মিছিলে অংশগ্রহণকারীদের কালো পোশাক পরিহিত অবস্থায় দেখা যায়।

তারা কারবালার শোকাবহ ঘটনার স্মরণে মাতম করছেন এবং বিভিন্ন শোকগাথা ও ধর্মীয় স্লোগান দিচ্ছেন। মিছিলে অংশ নেয়া অনেকেই প্রতীকী তাজিয়া বহন করছেন। নারী, পুরুষ ও শিশু—সব বয়সী মানুষের অংশগ্রহণে হোসেনি দালান এলাকায় সকাল থেকেই শোকের আবহ বিরাজ করে। অনেকের হাতে প্রতীকী ছুরি, আলাম, নিশান, বেস্তা ও বইলালাম শোভা যায়- যা কারবালার ঘটনা স্মরণ করিয়ে দেয়।

তাজিয়া মিছিলকে কেন্দ্র করে রাজধানীতে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। হোসেনি দালান ও আশপাশের এলাকায় সোয়াত, র‌্যাব, পুলিশ, গোয়েন্দা পুলিশ (ডিবি) এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়। বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং মিছিলের পুরো পথজুড়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন। সন্দেহজনক ব্যক্তি ও যানবাহনের ওপরও নজরদারি চালানো হয়।

প্রতিবছর পবিত্র আশুরা উপলক্ষে হোসেনি দালান থেকে তাজিয়া মিছিল বের হয়। কারবালার প্রান্তরে মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর দৌহিত্র হজরত ইমাম হোসাইন (রা.) এবং তার পরিবারের সদস্য ও সঙ্গীদের শাহাদাতের স্মরণে শিয়া সম্প্রদায় এ শোক মিছিল আয়োজন করে।

Walton
Walton