Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ১০ ১৪৩৩, বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬

জোড়া ভূমিকম্পের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:৪০, ২৫ জুন ২০২৬

প্রিন্ট:

জোড়া ভূমিকম্পের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক

ছবি: সংগৃহীত

দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় বুধবার (২৪ জুন) এক মিনিটেরও কম সময়ের ব্যবধানে ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এর পর থেকে দেশজুড়ে ২০টির বেশি পরবর্তী কম্পন অনুভূত হয়েছে।

দেশটির প্রেসিডেন্টের কার্যালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা এএফপি।ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের উত্তর উপকূলীয় অঞ্চলগুলো। এর মধ্যে লা গুয়াইরা, আরাগুয়া, কারাবোবো এবং ফালকোন রাজ্যের বিভিন্ন এলাকা রয়েছে। এসব অঞ্চলে মূল ভূমিকম্পের পাশাপাশি পরবর্তী কম্পনের প্রভাবও ব্যাপকভাবে অনুভূত হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ২ এবং এর কেন্দ্রস্থল ছিল কারাবোবো অঙ্গরাজ্যে, যা রাজধানী কারাকাস থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে অবস্থিত।

এর মাত্র ৩৯ সেকেন্ড পর আরও শক্তিশালী ৭ দশমিক ৫ মাত্রার দ্বিতীয় ভূমিকম্পটি আঘাত হানে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা।সংস্থাটির মূল্যায়ন অনুযায়ী, দ্বিতীয় ভূমিকম্পের কারণে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। তাদের হিসাব বলছে, এ ঘটনায় ১০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা ৪৪ শতাংশ এবং এক লাখের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা ৩০ শতাংশ।

ভূমিকম্পের পর জাতির উদ্দেশে ভাষণ দেন দেশটির ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। এ সময় তার পাশে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী দিয়োসদাদো কাবেলো এবং জাতীয় পরিষদের প্রধান হোর্হে রদ্রিগেজ।

ভাষণে তিনি দেশে জরুরি অবস্থা ঘোষণা করেন। পাশাপাশি জরুরি পরিস্থিতি মোকাবিলা কার্যক্রম তদারকির জন্য একজন জেনারেলকে দায়িত্ব দেওয়া হয়েছে বলেও জানান।

এ ছাড়া, জরুরি পরিস্থিতি মোকাবিলার দায়িত্ব তদারকির জন্য তিনি একজন জেনারেলকে নিয়োগ দেন।

Walton
Walton