ফাইল ছবি
৭ মাত্রার বেশি শক্তিশালী দুটি ভূমিকম্পে ভেনেজুয়েলায় ব্যাপক হতাহতের আশঙ্কা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ ও গবেষণা সংস্থা ইউএসজিএস এক বিবৃতিতে জানিয়েছে, মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা রয়েছে।
মঙ্গলবার স্থানীয় সময় রাত ১১টার দিকে কয়েক সেকেন্ডের ব্যবধানে দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় আঘাত হানে দুটি শক্তিশালী ভূমিকম্প। এর মধ্যে একটির মাত্রা ছিল ৭ দশমিক ২ এবং অন্যটির মাত্রা ৭ দশমিক ৫। খবর সিএনএনের।
দেশটির উত্তরাঞ্চলীয় উপকূলকে ভূমিকম্প দুটির কেন্দ্রস্থল হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ অঞ্চলে ভেনেজুয়েলার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগার অবস্থিত।যেদিন ভূমিকম্পের ঘটনা ঘটে, সেদিন দেশটিতে জাতীয় ছুটি ছিল। ফলে বিপুলসংখ্যক মানুষ নিজ নিজ বাড়িতে অবস্থান করছিলেন। এমন সময়েই আঘাত হানে এই শক্তিশালী জোড়া ভূমিকম্প।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের তথ্য অনুযায়ী, রাজধানী কারাকাসসহ বিভিন্ন শহর ও গ্রামে বহু ভবন ধসে পড়েছে। ইউএসজিএসের বিবৃতিতে বলা হয়েছে, ভেনেজুয়েলার অধিকাংশ ভবন ও আবাসন ভূমিকম্প-সহনশীল প্রযুক্তি অনুসরণ করে নির্মিত নয়। এ কারণে হতাহতের সংখ্যা ১০ হাজারেরও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ভূমিকম্পের পরপরই সুনামি সতর্কতা জারি করেছিল ইউএসজিএস। তবে পরিস্থিতি পর্যালোচনা করে পরে সেই সতর্কতা প্রত্যাহার করা হয়।




