ছবি: সংগৃহীত
সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে বাংলাদেশিদের আমানত রেকর্ড মাত্রায় বেড়েছে। বাংলাদেশের ব্যাংক খাত যখন তারল্য সংকটে ভুগছে তখন এই খবর উদ্বেগ সৃষ্টি করেছে। গতকাল বৃহস্পতিবার সুইস ন্যাশনাল ব্যাংক (এসএনবি) প্রকাশিত বার্ষিক ব্যাংকিং পরিসংখ্যান এ তথ্য জানিয়েছে।
খবর বলছে, ২০২৫ সালে দেশটির ব্যাংকগুলোতে বাংলাদেশি ব্যক্তি ও ব্যাংকের আমানত ৪১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৮৩৪.২ মিলিয়ন সুইস ফ্রাঁতে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ হাজার ৭৬৩ কোটি টাকা।
অর্থনীতিবিদ ও বিশ্লেষকরা বলছেন, বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনার জন্য নানা পদক্ষেপ নিয়েছিল সাবেক অন্তর্বর্তী সরকার। সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানতের উল্লম্ফন খুবই উদ্বেগের।
তাঁদের মতে, ক্ষমতার পালাবদল, বিদেশে অর্থ স্থানান্তরের সুযোগের ফলে সুইস ব্যাংকগুলোতে টাকা জমা রাখায় আবারও আগ্রহ বেড়েছে।
বিশেষ করে ব্যাংক পর্যায়ের আমানতের এতটা উল্লম্ফন বৈদেশিক বিনিয়োগ বা আমদানি-রপ্তানির নামে অর্থ পাচারের ইঙ্গিত দিচ্ছে বলেও মনে করছেন অর্থনীতিবিদরা।




