ফাইল ছবি
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্কতা জারি করেছে প্রশাসন। ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-২ শাখা থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।
এতে বলা হয়, দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন সংগঠনের বেআইনি মিছিল, শোডাউন ও অন্যান্য কর্মসূচির মাধ্যমে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা রয়েছে। এর ফলে দেশের বিভিন্ন জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার পাশাপাশি জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে।
এ অবস্থায় ঢাকা মেট্রোপলিটন এলাকা, চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকা, গাজীপুর মেট্রোপলিটন এলাকা, নারায়ণগঞ্জ জেলা, গোপালগঞ্জ জেলা এবং ফরিদপুর জেলার শান্তিশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনগণের জানমালের সুরক্ষার লক্ষ্যে আজ থেকে ৩০ জুন পর্যন্ত ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় প্রয়োজনীয় সংখ্যক সেনাসদস্য মোতায়েনের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে এ অফিস আদেশে।
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী মঙ্গলবার । তবে অপরাধ বিশ্লেষক বলেছেন, আওয়ামী লীগের বড় কর্মসূচি পালনের সক্ষমতা নেই। তারপরও সতর্ক থাকতে হবে আইনশৃঙ্খলা বাহিনীকে। কর্মসূচির নামে যাতে নাশকতা করতে না পারে সেজন্য গোয়ান্দা নজরদারির বাড়ানোর পরামর্শ তাদের।




