ফাইল ছবি
বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী আগামী বৃহস্পতিবার বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে তার পরিচয়পত্র পেশ করবেন। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি দায়িত্বশীল সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে কূটনৈতিক একাধিক সূত্র জানিয়েছে, ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী শনিবার দুপুরে রাষ্ট্রাচারপ্রধান (চিফ অব প্রটোকল—সিপি) এ এফ এম জাহিদ উল ইসলামের সঙ্গে তার দপ্তরে দেখা করতে যান। এ সময় ভারতের সাবেক রেলমন্ত্রী ঢাকায় তার দেশের নতুন হাইকমিশনার হিসেবে লেটার অব ক্রিডেন্সের (রাষ্ট্রদূত হিসেবে পরিচয়পত্র) অনুলিপি রাষ্ট্রাচারপ্রধানের কাছে হস্তান্তর করেছেন।দুই দেশের কূটনৈতিক সূত্রগুলো এই প্রতিবেদককে জানিয়েছে, ভারতের নতুন হাইকমিশনার রাষ্ট্রাচারপ্রধানের সঙ্গে তার দপ্তরে আনুষ্ঠানিকতা শেষ করে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে দেখা করেন। গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় তাদের মধ্যে সৌজন্য সাক্ষাৎটি অনুষ্ঠিত হয়।
প্রসঙ্গত, গত জানুয়ারি মাসে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে বাংলাদেশে আসেন ব্রেন্ট ক্রিস্টেনসন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করার আগে তিনি প্রথমে রাষ্ট্রাচারপ্রধানের কাছে তার লেটার অব ক্রিডেন্সের অনুলিপি দিয়েছিলেন। এরপর তিনি পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
গত এপ্রিলে ভারত সরকার তাদের ১৬তম হাইকমিশনার হিসেবে ঢাকায় নিয়োগ দিয়েছে সাবেক রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদীকে। দুই প্রতিবেশী দেশের সম্পর্কের ইতিহাসে ভারত এই প্রথম কোনো রাজনীতিবিদকে হাইকমিশনার করে পাঠাল। নতুন দায়িত্বে যোগ দিতে দীনেশ ত্রিবেদী ৫ জুন পশ্চিমবঙ্গ থেকে স্থলসীমান্ত দিয়ে বাংলাদেশে পৌঁছান।




