Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ১০ ১৪৩৩, বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬

বাংলা‌দে‌শিদের জন্য দুই বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৫৭, ২৫ জুন ২০২৬

প্রিন্ট:

বাংলা‌দে‌শিদের জন্য দুই বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

ছবি: সংগৃহীত

প্রায় দুই বছর বন্ধ থাকার পর বাংলাদে‌শিদের জন্য ভারতের পর্যটন ভিসা চালু হ‌চ্ছে। আগামী রোববার থেকে বাংলাদেশিদের এ ভিসা চালু হবে। বৃহস্পতিবার রাজধানীর যমুনায় ভারতীয় ভিসা সেন্টারে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান ঢাকায় নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

আজ রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করেন ভারতের নব‌নিযুক্ত হাইক‌মিশনার দীনেশ ত্রিবেদী। প‌রে তি‌নি যমুনায় ভারতীয় ভিসা সেন্টার পরিদর্শন করেন তিনি। পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিং করেন হাইকমিশনার।

তিনি বলেন, ‘আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমরা ট্যুরিস্ট ভিসার জন্য স্বাভাবিক ভিসা আবেদন কার্যক্রম পুনরায় শুরু করছি, যা আগামী ২৮ জুন, রোববার থেকে জমা দেওয়া যাবে। মানবিক বিবেচনায় জরুরি ক্ষেত্রে মেডিকেল ভিসার সুবিধা আমরা অব্যাহত রাখব।’

দীনেশ ত্রিবেদী বলেন, ‘আমরা আশা করি, এর ফলে আমাদের দুই সার্বভৌম দেশের জনগণের মধ্যকার সম্পর্ক আরও সুদৃঢ় হবে।’ 

প্রাথমিকভাবে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনায় ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের মাধ্যমে ভিসার আবেদন জমা দেওয়া যাবে। পর্যায়ক্রমে অন্যান্য শহরে ভারতীয় ভিসা সেন্টারগুলোতেও এ কার্যক্রম চালু হবে।

২০২৪ সালের ৫ আগস্ট দেশে সরকার পতনের পর নিরাপত্তা ইস্যুতে বন্ধ হয়ে যায় সবগুলো আইভ্যাক। অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্কের স্থবিরতার জেরে প্রায় ২১ মাস ধরে বন্ধ ভারতের পর্যটন ভিসা। অন্যান্য ভিসাও সীমিত আকারে দেওয়া হচ্ছে।

গত শ‌নিবার রাষ্ট্রাচার প্রধান এ এফ এম জাহিদ-উল-ইসলামের কাছে ভারতীয় নতুন দূত তার লেটারস অব ক্রিডেন্স (পরিচয়পত্র) পেশ করেন। এরপর তি‌নি পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে সাক্ষাৎ করেন।

এর আগে, গত ১২ জুন দীনেশ ত্রিবেদী ভারতীয় হাইকমিশনার হিসেবে বাংলাদেশে আসেন।

Walton
Walton