Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ৮ ১৪৩৩, মঙ্গলবার ২৩ জুন ২০২৬

মালয়েশিয়ার শ্রমবাজার খোলার ব্যাপারে আশাবাদী সরকার: ডা. জাহেদ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৪:২১, ২৩ জুন ২০২৬

প্রিন্ট:

মালয়েশিয়ার শ্রমবাজার খোলার ব্যাপারে আশাবাদী সরকার: ডা. জাহেদ

ছবি: সংগৃহীত

বাংলাদেশ থেকে কর্মী নেয়ার বিষয়ে মালয়েশিয়া সরকারের আগ্রহ প্রকাশ পাওয়ায় দেশটির শ্রমবাজার আবারও খোলার ব্যাপারে সরকার আশাবাদী বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, বাংলাদেশ থেকে কর্মী নেয়ার ক্ষেত্রে মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে আগ্রহ দেখানো হয়েছে। শ্রমবাজার খোলার ব্যাপারে সরকার আশাবাদী।অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশনসের (আসিয়ান) সঙ্গে বাংলাদেশ সম্পৃক্ত হতে আগ্রহী জানিয়ে তিনি বলেন, এ ব্যাপারে মালয়েশিয়ার সমর্থন আদায়ে প্রচেষ্টা চলছে। দেশটির সঙ্গে বাণিজ্য চুক্তি এগিয়ে নেয়ার বিষয়ে আলোচনা চলছে।

এ ছাড়া, প্রধানমন্ত্রীর উপদেষ্টা জানান, একটি মিডিয়া কমিশন গঠনে সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। অন্তর্বর্তী সরকারের সময়ে গঠিত কমিশনের রিপোর্টও বিবেচনায় নেয়া হবে।আওয়ামী লীগের কর্মসূচি প্রশ্নে তিনি বলেন, কোনো কর্মসূচি নিলে সেটি হবে বেআইনি। তাই সরকার তাদের কর্মসূচি ঘিরে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে নানা ব্যবস্থা নিয়েছে। তবে, কর্মসূচি গ্রহণ করতে আওয়ামী লীগের নৈতিক সাহস রয়েছে বলেও মনে হয় না। আর, আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ হবে কিনা, সেটি নির্ধারণ হবে আদালতে।‘গণতান্ত্রিক দেশে একটি রাজনৈতিক দল নিষিদ্ধ হবে কি হবে না সেই প্রশ্ন যেমন আছে, দলটি দেশের গণতান্ত্রিক রীতিনীতি মানছে কিনা সেটাও প্রশ্ন’, যোগ করেন তিনি।

জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধ হয়েছে উল্লেখ করে ডা. জাহেদ উর রহমান বলেন, এর সঙ্গে দলটি সংগঠন হিসেবে জড়িত ছিল কিনা, সেটিই এখন দেখা হবে। যদি জড়িত থাকে, তাহলে হয়তো দলটি নিষিদ্ধ করার সিদ্ধান্ত আদালত দেবে।
 
এ সময় সংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশের মাজারগুলোতে জনগণের যে দানের টাকা জমা হয়, তার একটি স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকা উচিত। নীতিগতভাবেই এটি সরকারের পক্ষ থেকে বিশ্বাস করি।

Walton
Walton