Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

শ্রাবণ ১১ ১৪৩৩, সোমবার ২৭ জুলাই ২০২৬

আট মাস পর আইএসএস থেকে পৃথিবীতে ফিরলেন মার্কিন-রাশান যৌথ মহাকাশচার

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৬:৫২, ২৭ জুলাই ২০২৬

প্রিন্ট:

আট মাস পর আইএসএস থেকে পৃথিবীতে ফিরলেন মার্কিন-রাশান যৌথ মহাকাশচার

ছবি: সংগৃহীত

পৃথিবীতে কোন দুটি দেশের মধ্যে চরম বৈরিতা বজায় থাকলে তা হলো যুক্তরাষ্ট্র-রাশিয়া। একে অপরের এই চরম শত্রুতা কেবলই স্থলে বিরাজ করে। মহাশূন্যে দেশ দুটি একে অপরের বন্ধু। মহাশূন্যে প্রতিযোগিতা বিদ্যমান থাকা সত্ত্বেও সেখানে দেশদুটি পরস্পরের মধ্যে সহযোগিতা ও সৌহার্দ্য বজায় রেখেছে। এরই সর্বশেষ নজির আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) দীর্ঘ আট মাসের মিশন সফলভাবে সম্পন্ন করে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার তিন সদস্যের এক যৌথ মহাকাশচারী দলের নিরাপদে পৃথিবীতে ফিরে আসা।

রোববার কাজাখস্তানের স্তেপ অঞ্চলে তাদের বহনকারী মহাকাশযানটি নিরাপদে অবতরণ করে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)। ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে ওয়াশিংটন ও মস্কোর মধ্যে কূটনৈতিক উত্তেজনার পারদ চরমে পৌঁছালেও মহাকাশ গবেষণার ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা অব্যাহত রয়েছে।যৌথ এই সফরের মাধ্যমেই তার প্রমাণ মেলে। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার নভোচারী ক্রিস উইলিয়ামস এবং রুশ মহাকাশ সংস্থা রসকসমসের মহাকাশচারী সের্গেই কুদ-সভার্চকভ ও সের্গেই মিকায়েভকে বহনকারী সয়ুজ এমএস-২৮ ক্যাপসুলটি কাজাখস্তানের জেযকাজগান শহরের দক্ষিণ-পূর্বে নির্ধারিত এলাকায় প্যারাসুটের সাহায্যে মাটিতে নেমে আসে। মহাকাশ স্টেশনে ২৪১ দিনের এই দীর্ঘ অবস্থানের মাধ্যমে ক্রিস উইলিয়ামস ও সের্গেই মিকায়েভের জন্য এটি ছিল প্রথম মহাকাশ অভিযান। অন্যদিকে, সের্গেই কুদ-সভার্চকভের এটি দ্বিতীয় মহাকাশ সফর। ল্যান্ডিং সাইট থেকে হেলিকপ্টারে করে তাদের কাজাখস্তানের কারাগান্দায় নিয়ে যাওয়া হয়।

সেখান থেকে নাসার নভোচারী উইলিয়ামস যুক্তরাষ্ট্রের টেক্সাসে নাসার জনসন স্পেস সেন্টারের উদ্দেশ্যে রওয়ানা হবেন এবং দুই রুশ নভোচারী মস্কোর কাছে স্টার সিটিতে অবস্থিত তাদের প্রশিক্ষণ ঘাঁটিতে ফিরে যাবেন। এর আগে গত ১৪ জুলাই নাসার নভোচারী অনিল মেনন এবং রসকসমসের কসমোনট পিয়ত্র দুব্রভ ও আন্না কিকিনা আট মাসের মিশনের উদ্দেশ্যে আইএএস-এ পৌঁছান। কাজাখস্তানের বাইকোনুর কসমোড্রোম থেকে তাদের উৎক্ষেপণ অনুষ্ঠানে নাসার প্রশাসক জ্যারেড আইজ্যাকম্যান উপস্থিত ছিলেন, যা বিগত আট বছরের মধ্যে কোনো নাসা প্রধানের প্রথম বাইকোনুর সফর ছিল। নবাগত এই তিন নভোচারী বর্তমানে এক্সপেডিশন ৭৫-এর অংশ হিসেবে স্টেশনে অবস্থানরত অন্যান্য গবেষকদের সঙ্গে যোগ দিবেন।

Walton
Walton