Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

শ্রাবণ ১১ ১৪৩৩, সোমবার ২৭ জুলাই ২০২৬

স্থগিতের পর চট্টগ্রাম বোর্ডে আবারও এইচএসসি পরীক্ষা শুরু

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:৪৬, ২৭ জুলাই ২০২৬

প্রিন্ট:

স্থগিতের পর চট্টগ্রাম বোর্ডে আবারও এইচএসসি পরীক্ষা শুরু

ফাইল ছবি

বন্যা ও বৈরী আবহাওয়ার কারণে প্রায় তিন সপ্তাহ স্থগিত থাকার পর আজ সোমবার (২৭ জুলাই) সকাল ১০টা থেকে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। এর মধ্য দিয়ে চট্টগ্রাম বোর্ডের প্রায় এক লাখ পরীক্ষার্থী আবারও পরীক্ষার হলে ফিরেছেন। একই সঙ্গে দেশের অন্য সব সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডেও পূর্বঘোষিত সূচি অনুযায়ী পরীক্ষা চলছে।

বোর্ডের রুটিন অনুযায়ী, আজ সকাল ১০টা থেকে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র, জীববিজ্ঞান (তত্ত্বীয়) প্রথম পত্র এবং ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র পরীক্ষা শুরু হয়েছে। বিকেলে অনুষ্ঠিত হবে খাদ্য ও পুষ্টি প্রথম পত্র পরীক্ষা।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম পরীক্ষায় ইসলামের ইতিহাস, পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র (তত্ত্বীয়) এবং তাজভিদ দ্বিতীয় পত্র (মুজাব্বিদ মাহির বিভাগ) পরীক্ষা চলছে। অন্যদিকে কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি (বিএমটি) পরীক্ষার্থীরা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট-১ বিষয়ের পরীক্ষায় অংশ নিচ্ছেন।

বন্যা–পরবর্তী পরিস্থিতি, পরীক্ষার্থীদের শারীরিক ও মানসিক অবস্থা এবং ক্ষতিগ্রস্ত সড়কপথে যাতায়াতের দুর্ভোগ বিবেচনায় গত ১৬ জুলাই চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন অবশিষ্ট সব এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছিল। পরিস্থিতির উন্নতি হওয়ায় শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের পর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন গত ২৩ জুলাই ঘোষণা দেন, ২৭ জুলাই থেকে স্থগিত পরীক্ষা পুনরায় শুরু হবে।

চলতি বছর দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে এইচএসসি ও সমমান পরীক্ষায় নিবন্ধিত পরীক্ষার্থীর সংখ্যা ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন। এর মধ্যে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন পরীক্ষার্থী ৯৯ হাজার ৬৮৮ জন, যারা ১১৪টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছেন।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান—এই পাঁচ জেলার পরীক্ষার্থীদের জন্য বন্যার কারণে পরীক্ষা স্থগিত ছিল। পরিস্থিতির উন্নতি হওয়ায় আজ থেকে তারা আবারও পরীক্ষায় অংশ নিচ্ছেন।

Walton
Walton