ফাইল ছবি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০২১-২২, ২০২২-২৩ ও ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংশ্লিষ্ট একাডেমিক প্রগ্রামে মাইগ্রেশন নিয়ে শিক্ষার্থীদের ভোটগ্রহণ শুরু হয়েছে।
সোমবার সকাল ১০টা থেকে বুধবার রাত ১০টা পর্যন্ত মোট ৬০ ঘণ্টা এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।অনলাইনে এই ভোট দিতে পারবেন শিক্ষার্থীরা।
জানা গেছে, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া লিংকের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের ভোট প্রদান করতে পারবেন। এ ক্ষেত্রে যে ফোন নম্বরটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাটাবেজে পরীক্ষার সময় রেজিস্ট্রেশন করা হয়েছে সেই ফোন নম্বরে ওটিপি (OTP) যাবে। একটি ফোন নম্বর থেকে একটি ভোট দেওয়া যাবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ভোট প্রদানের সময় শনাক্তকরণ ও তথ্যের যথার্থতা নিশ্চিতের জন্য শিক্ষার্থীর নাম, কলেজ, বিভাগ, শিক্ষাবর্ষ, রেজিস্ট্রেশন নম্বর, ফোন নম্বর, জন্ম তারিখ ইত্যাদি তথ্য যথাযথভাবে উল্লেখ করতে হবে। প্রাপ্ত মতামতসমূহ যথাযথ গুরুত্ব সহকারে পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বিবেচনায় নেওয়া হবে এবং সংগৃহীত তথ্য গোপনীয় রাখা হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০২১-২২, ২০২২-২৩ ও ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংশ্লিষ্ট একাডেমিক প্রগ্রামে মাইগ্রেশন বিষয়ে শিক্ষার্থীদের সর্বাধিক সংখ্যক অংশগ্রহণ নিশ্চিতকরণ এবং মতামত গ্রহণ প্রক্রিয়াকে অধিকতর স্বচ্ছ ও নিরাপদ করার লক্ষ্যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষ সরাসরি (অফলাইন) মতামত গ্রহণের পরিবর্তে অনলাইনে শিক্ষার্থীদের মতামত বা ভোট গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করে।




