Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

শ্রাবণ ১৬ ১৪৩৩, শনিবার ০১ আগস্ট ২০২৬

আগস্টে একাধিক লঘুচাপের আভাস, সক্রিয় হতে পারে বৃষ্টিবলয়

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৪০, ১ আগস্ট ২০২৬

প্রিন্ট:

আগস্টে একাধিক লঘুচাপের আভাস, সক্রিয় হতে পারে বৃষ্টিবলয়

ফাইল ছবি

চলতি আগস্ট মাসে দেশের অধিকাংশ এলাকায় স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বঙ্গোপসাগরে দুই থেকে তিনটি মৌসুমি লঘুচাপ বা নিম্নচাপ সৃষ্টি হতে পারে। একই সঙ্গে মাসজুড়ে কয়েকটি মৌসুমি বৃষ্টিবলয় সক্রিয় থাকার সম্ভাবনা রয়েছে।

শনিবার বেসরকারি আবহাওয়া গবেষণা সংস্থা ‘বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম’ (বিডব্লিউওটি) আগস্ট মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, আগস্টে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকা এবং ঢাকা ও সিলেট বিভাগের কিছু অংশে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হতে পারে। বিশেষ করে সাতক্ষীরা, গোপালগঞ্জ, পটুয়াখালী, ভোলা ও হবিগঞ্জে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে রাজশাহী ও রংপুর বিভাগের কয়েকটি জেলায় বৃষ্টিপাতের পরিমাণ স্বাভাবিকের চেয়ে কিছুটা কম হতে পারে। অবশ্য এই মাসে বড় ধরনের কোনো ঘূর্ণিঝড়ের সম্ভাবনা কম বলে জানিয়েছে সংস্থাটি।

আগস্ট মাসে দেশের অতি বন্যাপ্রবণ এলাকাগুলোতে মৌসুমি বন্যা হতে পারে। উজানে এবং দেশে টানা ভারি বৃষ্টির কারণে উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের নদীগুলোর পানি বৃদ্ধি পেয়ে নিচু এলাকা প্লাবিত হতে পারে। অন্যদিকে দক্ষিণাঞ্চলের উপকূলীয় জেলাগুলোতে ভারি বৃষ্টির কারণে সাময়িক জলাবদ্ধতা বা প্লাবনের ঝুঁকি রয়েছে। এ ছাড়া চট্টগ্রাম ও সিলেটের পাহাড়ি এলাকায় ভারি বর্ষণের কারণে পাহাড়ধসের আশঙ্কা রয়েছে।চার সপ্তাহের আবহাওয়া চিত্র: আগস্টের প্রথম সপ্তাহে (১–৮ আগস্ট) রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে মেঘের উপস্থিতি বেশি থাকার পাশাপাশি রংপুর, সিলেট, ময়মনসিংহ ও উত্তর চট্টগ্রামে ভারি থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে; দ্বিতীয় সপ্তাহে (৯–১৬ আগস্ট) বঙ্গোপসাগরে একটি লঘুচাপ বা নিম্নচাপ সৃষ্টির কারণে উত্তর বঙ্গোপসাগর উত্তাল হয়ে ওঠার পাশাপাশি দক্ষিণাঞ্চলে বৃষ্টির তীব্রতা বাড়তে পারে; তৃতীয় সপ্তাহে (১৭–২৪ আগস্ট) দেশের ওপর শক্তিশালী মৌসুমি বৃষ্টিবলয় সক্রিয় হওয়ায় সিলেট, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও রংপুরসহ সারা দেশে মাঝারি থেকে ভারি বৃষ্টি হতে পারে এবং চতুর্থ সপ্তাহে (২৫–৩১ আগস্ট) বঙ্গোপসাগরে নতুন একটি মৌসুমি সিস্টেম গড়ে ওঠার প্রভাবে দেশের দক্ষিণ ও পূর্বাঞ্চলে বৃষ্টিবলয় সক্রিয় থাকার সম্ভাবনা রয়েছে।

বিডব্লিউওটি জানায়, মাসজুড়ে দিন ও রাতের তাপমাত্রা সহনীয় থাকলেও বৃষ্টি বিরতির সময় সারা দেশে ভ্যাপসা গরম অনুভূত হতে পারে। তবে এ মাসে কোনো দীর্ঘমেয়াদি খরার আশঙ্কা নেই।

সংস্থাটি আরও জানায়, চলতি মাসে ১২ আগস্ট পূর্ণগ্রাস সূর্যগ্রহণ এবং ২৮ আগস্ট চন্দ্রগ্রহণ সংঘটিত হলেও দুটি গ্রহণের কোনটিই বাংলাদেশ থেকে দেখা যাবে না।

Walton
Walton