Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

শ্রাবণ ১৬ ১৪৩৩, শনিবার ০১ আগস্ট ২০২৬

দুই মেট্রো স্টেশনে পরিত্যক্ত ব্যাগ ঘিরে আতঙ্ক : শেষে মিললকৌটা ও পান

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৩১, ১ আগস্ট ২০২৬

আপডেট: ১৯:৩১, ১ আগস্ট ২০২৬

প্রিন্ট:

দুই মেট্রো স্টেশনে পরিত্যক্ত ব্যাগ ঘিরে আতঙ্ক : শেষে মিললকৌটা ও পান

ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে পরিত্যক্ত ব্যাগ ও বস্তা পড়ে থাকায় শনিবার দুপুরে বোমা আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোম্ব ডিসপোজাল ইউনিট। পরীক্ষা-নিরীক্ষা শেষে তারা জানায়, উদ্ধার হওয়া বস্তুগুলোর মধ্যে কোনো বিস্ফোরক বা বোমাসদৃশ কিছু পাওয়া যায়নি। শনিবার দুপুরে দুটি পৃথক ঘটনায় মেট্রোরেল স্টেশন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়।

মিরপুর-১০ মেট্রো স্টেশনের নিচে একটি পরিত্যক্ত ব্যাগ দেখতে পেয়ে কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে স্টেশনটির সব প্রবেশপথ সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। এতে কিছু সময়ের জন্য যাত্রীসেবা ব্যাহত হয় এবং যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়।পরে ঘটনাস্থলে পৌঁছে বোম্ব ডিসপোজাল ইউনিট ব্যাগটি পরীক্ষা করে জানায়, এর মধ্যে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি। এরপর স্টেশনটি আবার যাত্রীদের জন্য খুলে দেওয়া হয়।

এদিকে ফার্মগেট মেট্রো স্টেশনের নিচেও একটি পরিত্যক্ত বস্তাকে ঘিরে একই ধরনের আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সেখানে পৌঁছে বোম্ব ডিসপোজাল ইউনিট পরীক্ষা-নিরীক্ষা চালায়। পরে তারা জানায়, সেটি দলা পাকানো একটি খালি বস্তা ছিল।

এর আগে গত ২৪ জুলাই মতিঝিল মেট্রো স্টেশনের নিচে একটি পরিত্যক্ত ছাতার ভেতর থেকে পাইপ বোমা উদ্ধার করে পুলিশ, যা পরে নিষ্ক্রিয় করা হয়। এছাড়া গত বৃহস্পতিবার রাতে রাজধানীর উপকণ্ঠ আশুলিয়ার চারাবাগ এলাকায় একটি চায়ের দোকানের সামনে থেকে একটি শক্তিশালী বোমা উদ্ধার করে তা নিষ্ক্রিয় করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

Walton
Walton