ফাইল ছবি
পাকিস্তানের অন্যতম সর্বোচ্চ পর্বতশৃঙ্গ ব্রড পিকে হঠাৎ ভয়াবহ তুষারধসের পর বিশ্বখ্যাত নেপালি পর্বতারোহী নির্মল পুর্জাসহ অন্তত ১০ জন নিখোঁজ হয়েছেন। ৪৩ বছর বয়সী প্রাক্তন বৃটিশ স্পেশাল ফোর্সের এই বিশিষ্ট সদস্যের নিখোঁজের খবরে বিশ্ব জুড়ে পর্বতারোহণ সম্প্রদায়ের মধ্যে গভীর উদ্বেগ ছড়িয়ে পড়েছে। নেপাল, মার্কিন যুক্তরাষ্ট্র, পাকিস্তান, ওমান ও চীনসহ কয়েকটি দেশের অভিযাত্রীদের নিয়ে গঠিত একটি আন্তর্জাতিক উদ্ধার ও অভিযাত্রী দলের নেতৃত্ব দিচ্ছিলেন তিনি। অ্যালপাইন ক্লাব অব পাকিস্তান জানিয়েছে, বৃহস্পতিবার ৮,০৪৭ মিটার (২৬,৪০১ ফুট) উঁচু কারাকোরাম পর্বতশ্রেণীর ব্রড পিকে অভিযান পরিচালনার সময় নির্মল পুরজার পরিচালনাধীন দলটি এই প্রাণঘাতী তুষারধসের কবলে পড়ে।
ক্লাবটির সহ-সভাপতি করার হায়দারি এক বিবৃতিতে জানান, আকস্মিক এই দুর্ঘটনার পর থেকে নিখোঁজ পর্বতারোহীদের সাথে সমস্ত ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। নিখোঁজ অভিযাত্রীদের মধ্যে পাঁচজন অভিজ্ঞ নেপালি পর্বতারোহী ছাড়াও যুক্তরাষ্ট্র, পাকিস্তান, ওমান ও চীনের নাগরিক রয়েছেন। পাকিস্তান সরকারের সাথে সমন্বয় করে নিখোঁজদের সন্ধানে দ্রুত উদ্ধার অভিযান পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে। আবহাওয়া অনুকূলে আসলে এবং আকাশ পরিষ্কার হলেই উদ্ধারকারী হেলিকপ্টার নিয়ে অনুসন্ধান জোরদার করা হবে। বিশ্বজুড়ে ‘নিমস দাই’ নামে পরিচিত নির্মল পুর্জা ২০১৯ সালে মাত্র ছয় মাস ছয় দিনে বিশ্বের ৮,০০০ মিটারের বেশি উঁচু সবকটি (১৪টি) পর্বতশৃঙ্গ জয় করে ইতিহাস গড়েছিলেন। এর আগের বিশ্ব রেকর্ডটি ছিল দীর্ঘ সাত বছরের।
পরবর্তীতে ২০২১ সালে তার এই অভাবনীয় সাফল্য ও জীবনের গল্প নিয়ে নির্মিত নেটফ্লিক্স ডকুমেন্টারিটি তাকে আন্তর্জাতিকভাবে ব্যাপক পরিচিতি এনে দেয়। তিনি ২০০৩ সালে বৃটিশ সেনাবাহিনীতে যোগ দেন এবং পরবর্তীতে ২০০৯ সালে রয়্যাল মেরিনসের একজন সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। অ্যালপাইন ক্লাব অব পাকিস্তান ও আন্তর্জাতিক পর্বতারোহণ সংস্থাগুলো নিখোঁজ সব পর্বতারোহীর অলৌকিক বেঁচে থাকা ও দ্রুত উদ্ধারের জন্য প্রার্থনা করেছে।




