ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে জাতীয় গোয়েন্দা পরিচালক পদে জে ক্লেটনের নিয়োগ চূড়ান্ত অনুমোদন করেছে। এর মাধ্যমে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন তিনি।তুলসি গ্যাবার্ড পদত্যাগ করার পর এই পদে স্থায়ী নিয়োগ পেলেন ক্লেটন। বুধবার বার্তা সংস্থা এএফপি এই খবর দিয়েছে।
সিনেটে ৫১-৪৭ ভোটে তার নিয়োগ পাস হয়। সব ডেমোক্র্যাট সদস্যই বিপক্ষে ভোট দিয়েছেন। ভোট শেষ হওয়ার পরপরই ট্রাম্প ট্রুথ সোশ্যালে পোস্ট করে বলেন, জে সব দিক থেকেই অসাধারণ। পরিচালক হিসেবে তিনি দারুণ কাজ করবেন।
গত মাসে গ্যাবার্ড পদত্যাগ করার পর অস্থায়ীভাবে দায়িত্ব সামলেছিলেন ট্রাম্পের ঘনিষ্ঠ কর্মকর্তা বিল পুল্টে। এখন সেই পদে এসেছেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার সাবেক প্রধান ও রাষ্ট্রীয় কৌঁসুলি জে ক্লেটন।গত কয়েক মাসে যুক্তরাষ্ট্রের ১৮টি গোয়েন্দা সংস্থায় নেতৃত্ব বদল আর কর্মী ছাঁটাই চলছে। কর্মীদের মনোবল প্রায় তলানিতে নেমে গেছে। এই অবস্থায় সংস্থাগুলোকে গুছিয়ে তোলার দায়িত্ব এখন ক্লেটনের কাঁধে।
এমন সময় তিনি দায়িত্ব নিলেন, যখন ট্রাম্প আবারও ২০২০ সালের নির্বাচনের পরাজয় নিয়ে ষড়যন্ত্রের কথা তুলছেন। পাশাপাশি আসন্ন মধ্যবর্তী নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন তুলছেন। অনেকেই আশঙ্কা করছেন, নিজের দাবির সমর্থনে তিনি গোয়েন্দা সম্প্রদায়কে কাজে লাগাতে পারেন।




