Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

শ্রাবণ ১৩ ১৪৩৩, বৃহস্পতিবার ৩০ জুলাই ২০২৬

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি: পররাষ্ট্রমন্ত্রী

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২২:৩৭, ২৯ জুলাই ২০২৬

আপডেট: ২২:৩৮, ২৯ জুলাই ২০২৬

প্রিন্ট:

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি: পররাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, পারস্পরিক স্বার্থ ও সার্বভৌম সমতার ভিত্তিতে বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক নতুনভাবে এগিয়ে নিতে ঢাকা ও নয়াদিল্লি একমত হয়েছে।বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

পররাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশে ভারতের নবনিযুক্ত হাইকমিশনারের সঙ্গে এটি ছিল প্রথম সৌজন্য সাক্ষাৎ। তাই কোনো নির্দিষ্ট দ্বিপক্ষীয় ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা হয়নি; বরং সামগ্রিকভাবে দুই দেশের সম্পর্ক উন্নয়নের বিষয়ে মতবিনিময় হয়েছে।তিনি বলেন, ‘আমরা উভয়েই একমত যে, পারস্পরিক স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এবং সার্বভৌম সমতার ভিত্তিতে দুই দেশের সম্পর্ক এগিয়ে নেওয়া উচিত।’

ড. খলিলুর রহমান বলেন, বাংলাদেশ-ভারত সম্পর্কের কিছু ‘অস্বস্তিকর বিষয়’ (ইরিট্যান্টস) রয়েছে, যেগুলোর সমাধান হওয়া প্রয়োজন। তিনি বলেন, ‘তিনি (ভারতের হাইকমিশনার) সেসব বিষয়ে জানেন, আমিও জানি। এসব বিষয় নিরসন হওয়া খুবই গুরুত্বপূর্ণ।’

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গ বৈঠকে উঠেছিল কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সৌজন্য সাক্ষাতে কোনো নির্দিষ্ট দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা হয়নি। তবে ভবিষ্যতে দুই দেশের মধ্যে সব বিষয় নিয়েই আলোচনা হবে।

ভারতের আমন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার বিষয়টি পর্যালোচনা করছে। সিদ্ধান্ত হলে তা জানানো হবে।

তিনি জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী ১২-১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছেন।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রীর বিদেশ সফরের আরও কয়েকটি আমন্ত্রণ রয়েছে। পাশাপাশি তিনি নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনেও অংশ নেবেন। তাই সব কর্মসূচি একসঙ্গে বিবেচনা করা হচ্ছে।সম্প্রতি ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস. জয়শঙ্করের সঙ্গে বৈঠকের প্রসঙ্গ তুলে তিনি বলেন, উভয় পক্ষই ভবিষ্যতে ঢাকা-দিল্লি সম্পর্ক আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গরের ঢাকা সফর সম্পর্কে তিনি বলেন, এটি একটি ‘অনুসন্ধানমূলক’ সফর। তিনি বাংলাদেশ ও দেশের অগ্রাধিকার সম্পর্কে ধারণা নিতে বিভিন্ন অংশীজনের সঙ্গে মতবিনিময় করবেন।

পররাষ্ট্রমন্ত্রী জানান, সফরকালে সার্জিও গরের রোহিঙ্গা শিবির পরিদর্শনের সম্ভাবনা রয়েছে। তিনি উল্লেখ করেন, রোহিঙ্গাদের মানবিক সহায়তায় যুক্তরাষ্ট্রই সবচেয়ে বড় আন্তর্জাতিক সহায়তাদাতা।ঢাকা-ওয়াশিংটন সম্পর্ককে ‘বহুমাত্রিক’ উল্লেখ করে তিনি বলেন, উভয় দেশই এ অংশীদারত্ব আরও এগিয়ে নিতে আগ্রহী। বাংলাদেশ কোনো ধরনের আন্তর্জাতিক চাপের মুখে রয়েছে কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা কোনো ধরনের চাপ অনুভব করছি না।’

চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ থাকতে পারে কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতি ‘জিরো-সাম গেম’ নয়।তার ভাষায়, ‘একটি দেশের সঙ্গে সম্পর্ক জোরদার করার অর্থ অন্য একটি দেশের সঙ্গে সম্পর্কের অবনতি নয়। আমরা কখনোই একটি দেশের সঙ্গে সম্পর্ক বাড়াতে গিয়ে অন্য দেশের সঙ্গে সম্পর্ক ক্ষতিগ্রস্ত করব না।’

তিনি বলেন, জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাংলাদেশ সব দেশের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করতে চায়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফরকে ‘অত্যন্ত সফল’ উল্লেখ করে তিনি বলেন, ভারত সফর হলেও বাংলাদেশ একই ধরনের ইতিবাচক ফল প্রত্যাশা করে।

এদিকে, ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী সাংবাদিকদের বলেন, পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার বৈঠক অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। পারস্পরিক স্বার্থ ও জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন, সংস্কৃতি, সংগীত, ক্রিকেটসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে এবং এটি দুই দেশের সম্পর্কের নতুন সূচনা।

এ ছাড়া ভারতের হাইকমিশনার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গেও পৃথক সৌজন্য সাক্ষাৎ করেন।

Walton
Walton