Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

শ্রাবণ ১৭ ১৪৩৩, রোববার ০২ আগস্ট ২০২৬

তুষারধসে কিংবদন্তি পর্বতারোহী নির্মল পুরজা নিহত

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:১৫, ২ আগস্ট ২০২৬

প্রিন্ট:

তুষারধসে কিংবদন্তি পর্বতারোহী নির্মল পুরজা নিহত

ফাইল ছবি

বিশ্বের ১৪টি সর্বোচ্চ পর্বতশৃঙ্গ সবচেয়ে কম সময়ে জয়ের রেকর্ড গড়া নেপালের কিংবদন্তি পর্বতারোহী নির্মল ‘নিমসদাই’ পুরজা পাকিস্তানের ব্রড পিকে অভিযান চালানোর সময় তুষারধসে নিহত হয়েছেন। শনিবার এক বিবৃতিতে তার অভিযান আয়োজক প্রতিষ্ঠান এলিট এক্সপেড এ তথ্য নিশ্চিত করেছে।

প্রতিষ্ঠানটি ইনস্টাগ্রামে জানায়, ‘আমরা গভীর শোক ও হৃদয়ভাঙা বেদনার সঙ্গে নিশ্চিত করছি যে ব্রড পিকে তুষারধসের ঘটনায় নির্মল ‘নিমসদাই’ পুরজা মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন।’ একই সঙ্গে তারা জানায়, অভিযানে থাকা আরও কয়েকজন সদস্যও এ দুর্ঘটনায় নিহত হয়েছেন।

নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ এক শোকবার্তায় বলেন, পর্বতারোহীদের শারীরিক যাত্রা থেমে গেলেও তাদের সাহস, নিষ্ঠা ও অবদানের ইতিহাস চিরকাল অনুপ্রেরণা হয়ে থাকবে।

৪৩ বছর বয়সী পুরজা এবং আরও নয়জন পর্বতারোহী বৃহস্পতিবার পাকিস্তানের গিলগিট-বালতিস্তান অঞ্চলের ৮ হাজার ৫১ মিটার (২৬ হাজার ৪১৪ ফুট) উচ্চতার ব্রড পিকে তুষারধসে নিখোঁজ হন। ব্রড পিক বিশ্বের দ্বাদশ সর্বোচ্চ পর্বত এবং এটি অন্যতম কঠিন পর্বত আরোহনের মধ্যে একটি হিসেবে পরিচিত।

পাকিস্তানের কর্মকর্তারা জানিয়েছেন, পুরজাসহ নিহতদের মরদেহ শনাক্ত করা গেলেও দুর্গম অবস্থানের কারণে এখনো সেগুলো উদ্ধার করা সম্ভব হয়নি।

কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, তুষারধসে মোট ১০ জন পর্বতারোহী প্রাণ হারিয়েছেন। তাদের মধ্যে ছয়জন নেপালের নাগরিক। এছাড়া পাকিস্তান, ওমান, যুক্তরাষ্ট্র, চীন এবং অন্য দেশের নাগরিকরাও ছিলেন অভিযানে। শুক্রবার পর্যন্ত তিনটি মরদেহ উদ্ধার করা হয়েছে।

সেভেন সামিট ট্রেকসের পরিচালক ছাং দাওয়া শেরপা জানান, ড্রোনের মাধ্যমে বাকি মরদেহগুলোর অবস্থান শনাক্ত করা হয়েছে। তবে সেগুলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ স্থানে থাকায় উদ্ধার অভিযান জটিল হয়ে পড়েছে।

তিনি বলেন, নেপালের মতো পাকিস্তানে পাহাড়ে হেলিকপ্টারের লং-লাইন রেসকিউ পদ্ধতি নেই। ফলে উদ্ধারকারীদের নিরাপত্তা নিশ্চিত করেই অভিযান পরিচালনা করতে হচ্ছে।

গিলগিট-বালতিস্তান পর্যটন বিভাগের উপপরিচালক সাজিদ হুসেইন জানান, ড্রোন ও আকাশপথে নজরদারির মাধ্যমে নিহতদের অবস্থান নিশ্চিত করা গেলেও দুর্গম পরিবেশের কারণে মরদেহ নিরাপদে নিচে নামানো এখনো সম্ভব হয়নি।

ব্রিটিশ সেনাবাহিনীর গুর্খা রেজিমেন্ট এবং পরে বিশেষ বাহিনীতে দায়িত্ব পালন করা নির্মল পুরজা ২০১৯ সালে মাত্র ছয় মাসে বিশ্বের ১৪টি আট হাজার মিটারের বেশি উচ্চতার পর্বতশৃঙ্গ জয় করে ইতিহাস গড়েন। এর আগে এই কীর্তি অর্জনে কয়েক বছর সময় লাগত।

তার এই অসাধারণ অভিযানের গল্প নিয়ে নির্মিত নেটফ্লিক্সের প্রামাণ্যচিত্র ‘১৪ পিকস: নাথিং ইজ ইম্পসিবল’ ২০২১ সালে মুক্তির পর তিনি বিশ্বজুড়ে ব্যাপক পরিচিতি লাভ করেন।বিশ্বের ১৪টি আট হাজার মিটারের বেশি উচ্চতার পর্বতের মধ্যে আটটি নেপালে, পাঁচটি পাকিস্তানে এবং একটি চীনের তিব্বত অঞ্চলে অবস্থিত।

যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী ওয়েস স্ট্রিটিং পুরজার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেন, তিনি ছিলেন একজন অনুপ্রেরণাদায়ী মানুষ, যিনি বহু বছর ব্রিটিশ সশস্ত্র বাহিনীতে দায়িত্ব পালন করেছেন এবং যার অসাধারণ পর্বতারোহণ বিশ্বজুড়ে পরিচিত।

অন্যদিকে, ব্রিটিশ পর্বতারোহী কেন্টন কুল-যিনি একজন অ-শেরপা হিসেবে সর্বাধিক ২০ বার এভারেস্ট জয় করেছেন বার্তাসংস্থা রয়টার্সকে বলেন, নির্মল পুরজা ছিলেন এক প্রাণবন্ত ও ক্যারিশম্যাটিক ব্যক্তিত্ব। উচ্চতর পর্বতারোহণে বাণিজ্যিক গাইডিং ব্যবস্থায় নতুন দৃষ্টিভঙ্গি ও পরিবর্তন আনার ক্ষেত্রে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন। নির্মল ‘নিমসদাই’ পুরজার মৃত্যু শুধু নেপাল নয়, আন্তর্জাতিক পর্বতারোহণ অঙ্গনের জন্যও এক অপূরণীয় ক্ষতি হিসেবে বিবেচিত হচ্ছে।

Walton
Walton