ছবি : সংগৃহীত
- ২৬ লাখ ৭০ হাজার টাকা হাতিয়ে উধাও চক্র
রোমানিয়ায় পাঠানোর প্রলোভন দেখিয়ে সাইফুল ও নাইম নামে দুই বাংলাদেশিকে মিশরে এনে চার মাস আটকে রেখে নির্যাতন, পাসপোর্ট জব্দ ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ দালালচক্রের বিরুদ্ধে।
ভুক্তভোগীদের দাবি, ইউরোপে যাওয়ার আশায় তারা ওই চক্রকে মোট ২৬ লাখ ৭০ হাজার টাকা দিয়েছেন। কিন্তু মিশরে আনার পর রোমানিয়ায় পাঠানোর ব্যবস্থা না করে উল্টো একটি ফ্ল্যাটে তাদের জিম্মি করে রাখা হয়। চার মাস পর দালালচক্রটি তাদের ওই বাসায় রেখে অন্যত্র চলে যায়। এরপর পাসপোর্ট জব্দ থাকা ও অব্যাহত হুমকির কারণে চরম অনিশ্চয়তা ও নিরাপত্তাহীনতায় দিন কাটছে তাদের।
- কারখানায় আশ্রয় ও অসহায়ত্বের বর্ণনা
গত বুধবার (২৫ নভেম্বর) রাতে কায়রোর বাংলাদেশি অধ্যুষিত এল-মার্গ এলাকার ‘রহমান অ্যাপারেলস’ নামের একটি পোশাক কারখানায় স্থানীয় কয়েকজন প্রবাসী ওই দুই ভুক্তভোগীকে নিয়ে আসেন। কারখানার স্বত্বাধিকারী মজিবুর ইসলাম সমস্যার কথা জানতে চাইলে তারা কান্নায় ভেঙে পড়েন। ভুক্তভোগীরা জানান, বাংলাদেশ থেকে মামুন ও সাইফুল নামের দুজন তাদের মিশরে নিয়ে আসেন এবং মেহেদি নামের আরেকজনের জিম্মায় রাখেন। তাদের অভিযোগ, মামুন, সাইফুল ও মেহেদির যোগসাজশে রোমানিয়ায় পাঠানোর মিথ্যা আশ্বাস দিয়ে ২৬ লাখ ৭০ হাজার টাকা হাতিয়ে নেওয়া হয়েছে।
এক ভিডিও সাক্ষাৎকারে তারা জানান, এল-মার্গের ফ্ল্যাটে চার মাস বন্দি রেখে কম খাবার দেওয়া হতো এবং বাইরের কারও সঙ্গে যোগাযোগের সুযোগ ছিল না। চার মাস পর ফ্ল্যাটে রেখেই সাইফুল ও মেহেদি অন্যত্র চলে যান। ভুক্তভোগীদের ভাষ্য, আমাদের কাছে কোনো পাসপোর্ট ছিল না। বৈধ কাগজপত্র ও পাসপোর্ট ছাড়া কোথাও কাজ জোগাড় করা সম্ভব হচ্ছিল না। বাধ্য হয়ে এলাকার বিভিন্ন স্থানে ঘুরে মানুষের সাহায্যে দিন কাটাতে হয়েছে। কোনো দিন একবেলা খাবার জুটলে পরের বেলা না খেয়ে থাকতে হয়েছে।
তারা আরও বলেন, আমাদের পাসপোর্ট জব্দ করে রাখায় আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। কাউকে কিছু জানালে অপহরণ ও খুন করার হুমকি দেওয়া হচ্ছে। ভয়ে কোথাও যেতে পারছিলাম না, এমনকি কারও কাছে সাহায্য চাইতে যাওয়ার মতো কোনো মাধ্যমও আমাদের ছিল না।
- কারখানা মালিকের হস্তক্ষেপ ও অভিযুক্তদের বক্তব্য
কারখানার স্বত্বাধিকারী মজিবুর ইসলাম জানান, বিস্তারিত জানার পর তিনি মেহেদি ও সাইফুলকে অফিসে ডেকে আনেন। সেখানে তারা স্বীকার করেন, বাংলাদেশে মূলহোতা মেহেদির চাচা মামুন এবং কেবল মিশর পর্যন্ত পৌঁছে দেওয়ার চুক্তি ছিল। মজিবুর ইসলামের তথ্য অনুযায়ী, প্রায় ছয় মাস ধরে শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়েছে, আর একজন বয়স্ক ভুক্তভোগীকে ক্ষুধার জ্বালায় ভিক্ষাও করতে হয়েছে; পরে প্রবাসীদের আশ্বাসে তিনি মুখ খোলেন। মজিবুর ইসলাম বর্তমানে দুজনকে নিজের হেফাজতে রেখে পাসপোর্ট ও অর্থ ফেরত দিয়ে দেশে পাঠানোর চাপ দিচ্ছেন।
অভিযুক্ত সাইফুল ইসলাম জানান, তিনি এল-মার্গে চানাচুর ও মুড়ি বিক্রি করেন এবং ইউরোপে পাঠানোর উদ্দেশ্যে কাউকে আনেননি; বরং একজনকে ভিজিট ভিসায় পিরামিড দেখাতে এনেছেন এবং প্রতিবেদন প্রকাশ না করার অনুরোধ করেন।
অন্যদিকে মেহেদি দাবি করেন, আমি নিজেও প্রতারণার স্বীকার। মামুন আমাকে রোমানিয়া পাঠানোর কথা বলে ৯ লাখ ২০ হাজার টাকা নিয়েছেন।
মেহেদি আরও বলেন, ওই দুই ভুক্তভোগী আমাকে কোনো টাকা-পয়সা দেননি এবং তাদের আটকে রাখা বা হুমকি দেওয়ার অভিযোগও মিথ্যা। বরং মামুনের প্রতারণা বুঝতে পেরে আমি সতর্কতামূলক ভিডিও তৈরি করেছি। প্রবাসীরা দ্রুত তদন্ত, শাস্তি, পাসপোর্ট উদ্ধার ও দেশে ফেরাতে দূতাবাসের হস্তক্ষেপ কামনা করেছেন।




