Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

অগ্রাহায়ণ ১৪ ১৪৩৩, সোমবার ৩০ নভেম্বর ২০২৬

মালয়েশিয়াগামী বোট থেকে ৩১৭ জন উদ্ধার, আটক ৭ পাচারকারী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:৩৮, ২৯ নভেম্বর ২০২৬

প্রিন্ট:

মালয়েশিয়াগামী বোট থেকে ৩১৭ জন উদ্ধার, আটক ৭ পাচারকারী

ছবি : সংগৃহীত

​কক্সবাজারের টেকনাফের বাহারছড়া সংলগ্ন সমুদ্র এলাকায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে মালয়েশিয়াগামী একটি বোট থেকে ৩১৭ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে। এ সময় অভিযানে সাতজন মানব পাচারকারীকেও আটক করা হয়।

র‌বিবার (২৯ নভেম্বর) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এ তথ্য নিশ্চিত করেন।

​লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড জানতে পারে যে টেকনাফ বাহারছড়ার বড়ডেইল শামুক বিচ সংলগ্ন সমুদ্র এলাকা দিয়ে সাগরপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে নারী, পুরুষ ও শিশুসহ বিপুলসংখ্যক মানুষকে নিয়ে যাওয়া হচ্ছে।

​প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আজ ২৯ নভেম্বর ভোর ৪টার দিকে কোস্ট গার্ড স্টেশন শাহপরী, টেকনাফ, স্টেশন ইনানি ও আউটপোস্ট বাহারছড়ার সমন্বয়ে ওই এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানের সময় একটি সন্দেহজনক বোটকে থামার সংকেত দেওয়া হলে সেটি সংকেত অমান্য করে দ্রুত গভীর সমুদ্রের দিকে পালানোর চেষ্টা করে।

পরে কোস্ট গার্ডের আভিযানিক দল ধাওয়া করে বড়ডেইল শামুক বিচ সমুদ্র এলাকা থেকে বোটটি আটক করতে সক্ষম হয়। আটক বোটটিতে তল্লাশি চালিয়ে মালয়েশিয়ায় পাচারকালে ৩১৭ জন ভুক্তভোগীকে উদ্ধার এবং সাতজন মানব পাচারকারীকে আটক করা হয়।

​উদ্ধার হওয়া ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, কয়েকটি সংঘবদ্ধ পাচারকারী চক্র বিদেশে উন্নত জীবনযাপনের স্বপ্ন, উচ্চ বেতনের চাকরি এবং অল্প খরচে বিদেশযাত্রার প্রলোভন দেখিয়ে কক্সবাজার ও টেকনাফসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের মালয়েশিয়ায় যেতে উদ্বুদ্ধ করে সাগরপথে পাচারের পরিকল্পনা করে আসছিল।

​কোস্ট গার্ড জানিয়েছে, উদ্ধার ভুক্তভোগী, আটক বোট এবং মানব পাচারকারীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Walton
Walton